নিজস্ব সংবাদদাতা
মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে রাজ্যের পুর্ত দফতর। কারণ মাত্র ৬ মাস আগেই এই ব্রিজের ফিট সার্টিফিকেট দিয়েছিল তারা। পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার পর শহর কলকাতার সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর পুর্ত দফতরের ইঞ্জিনিয়াররা শহরের সব সেতুর হালহকিকত খতিয়ে দেখতে শুরু করে। সেই হিসাবে রিপোর্ট ও জমা করেন তারা। রিপোর্ট অনুযায়ী বেশকিছু সেতুতে আশু কাজের প্রয়োজন আছে বলে উল্লেখ করা হয়। সেই মোতাবেক ইতিমধ্যেই ঢাকুরিয়া ব্রিজের কাজ করেছে পুর্ত দফতর। কিন্তু মাঝেরহাটের এই ব্রিজকে ফিট বলেই রিপোর্টে উল্লেখ করা হয়। নবান্ন সূত্রে খবর, সেই রিপোর্টের কথা মাথায় রেখেই ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই মুখ্যসচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পোস্তা কাণ্ডের পর শহরের সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। ৬ মাস অন্তর সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছিল পূর্ত দফতরকে। সেই পরীক্ষা অনুযায়ী ৬ মাস আগেই ফিট সার্টিফিকেট দেওয়া হয় মাঝেরহাট সেতুকে। সে সময় পূর্ত দফতরের প্রধান সচিব ছিলেন ইন্দিবর রাও। নবান্ন সূত্রের খবর এই ঘটনায় ইন্দিবর রাওকে শো কজ করা হতে পারে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news