ভাস্কর মান্না
বলা চলে শীতের প্রায় শেষ। তাই পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে বিভিন্ন জেলার গ্রামে গ্রামে চলছে মেলা। মেলাকে ঘিরে গ্রামের মানুষের উৎসাহও বেশি। কারণ গ্রামে বড় অনুষ্ঠান সেই রকম হয় না, তাই মেলাতে ভিড় জমায় গ্রামের মানুষেরা। এই মুহূর্তে গ্রাম্য মেলার প্রধান আকর্ষণ মরণ কুয়া। যা দেখার জন্য গ্রামের আবাল বৃদ্ধ বনিতারা হাপিত্যেশ করে থাকেন। কিন্তু এই মরণ কুয়া ডেকে আনে বড়সড় বিপদ।
মরণ কুয়া হল একধরনের জনপ্রিয় খেলা। কখনও কখনও একে ছোট সার্কাস বলতে পারেন। এটা সাধারনত বেশি দেখা যায় গ্রামের বিভিন্ন মেলায়। পঁচিশ থেকে ত্রিশ ফুট উঁচু লোহার এবং কাঠের অস্থায়ী পাটাতনের বৃত্তের মধ্যে মোটর সাইকেল এবং চার চাকার গাড়ি নিয়ে রোমহর্ষক এই খেলা দেখানো হয়। দর্শকেরা টিকিট কেটে মাটি থেকে পঁচিশ থেকে ত্রিশ ফুট উচ্চতায় লোহার কাঠামোর উপর দাঁড়িয়ে এই খেলা দেখেন। কিন্তু কূপের ভিতর যখন বাইক বা গাড়ি বৃত্তাকার পথে দ্রুত চলতে থাকে তখন সজোরে কাঁপতে থাকে গোটা মঞ্চ। ফলে যেকোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। তাই এই বিপজ্জনক খেলা নিষিদ্ধ করেছে প্রশাসন। কিন্তু সেসব তোয়াক্কা না করেই রমরমিয়ে চলছে এই মরণ কুয়ার খেলা।
বেআইনি এই খেলা বন্ধ করতে পুলিশের কাছে অভিযোগও জমা পড়ে। কিন্তু তারপরেও বন্ধ করা যায় নি এই খেলা। আবার গ্রামের কিছু কিছু মেলা কমিটি এইও অভিযোগ করেন, তাঁরা নাকি জানেই না এই খেলা বেআইনি। ফলে প্রশাসনের কাছে এই অনুষ্ঠান করার জন্য অনুমতিও নেওয়া হয় না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news