চ্যানেল হিন্দুস্তান ব্যুরো
অবশেষে পোস্তা ব্রিজ ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
আগামী কিছুদিনের মধ্যেই পোস্তা ব্রিজ ভেঙে ফেলার কাজ শুরু করা হবে। এই কাজ চলার সময় যাতে পোস্তা ব্রিজের সংলগ্ন অঞ্চলের ব্যবসায়ীদের কাছ থেকে সমস্ত রকম সহযোগিতা পাওয়া যায়, সেই বিষয়টি নিয়েই কলকাতা পুরসভা উচ্চ পর্যায়ে বৈঠক বসে।
রাজ্যের পরিবহন ও আবাসনমন্ত্রী তথা কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিমের নেতৃত্বে এই বৈঠকটি বসে। পোস্তা রাজাকাটরা বড়বাজার এলাকার বিভিন্ন ব্যবসায়ী সংগঠন গুলির কর্তারা এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন।
পাশাপাশি কলকাতা পুরসভা নগর উন্নয়ন দপ্তরের ও পি ডব্লিউ ডি পক্ষ থেকেও বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক এই বৈঠকে উপস্থিত ছিলেন। ব্যবসায়ী সমিতির গুলির পক্ষ থেকে ভগ্নপ্রায় পোস্তা ব্রিজ ভেঙে ফেলার কাজ শুরু করার জন্য রাজ্য সরকার ও তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানান হয়। ভাঙার কাজ চলাকালীন পোস্তা ব্রিজ সংলগ্ন অঞ্চলের সমস্ত উৎসাহী সংগঠনগুলি এই কাজের জন্য সমস্ত রকম সহযোগিতা করবে রাজ্য সরকারের সঙ্গে, এই বলেও আশ্বস্ত করেন তাঁরা। চারটি পর্যায়ে এই ভাঙ্গার কাজ চালানো হবে বলেও এ দিন জানান ফিরহাদ হাকিম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news