চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তরের অনুষ্ঠান দূরদর্শনে লাইভ টেলিকাস্ট করা যাবে না বলে দাবি জানাল সিপিআই। তীব্র বিরোধিতা করে বামেদের দাবি, সরকারি চ্যানেলে একটি নির্দিষ্ট ধর্মের ভূমি পূজার অনুষ্ঠান সম্প্রচার করা যাবে না। কারণ এতে ধর্মনিরপেক্ষ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রককে কড়া ভাষায় একটি চিঠিও দিয়েছে তারা।
চিঠিতে বামেদের বক্তব্য, ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস করা এবং তারপর রাম জন্মভূমিকে কেন্দ্র করে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে অনেক দ্বন্দ্ব দেখা দিয়েছে। ফলে এই বিতর্কিত বিষয়টি নিয়ে সরকারি সংস্থার অনুপ্রবেশ অবাঞ্চিত। তাদের আরও বক্তব্য, প্রসার ভারতী আইন অনুসারে দূরদর্শনের কাজকর্ম পরিচালিত হয়। তাই প্রসার ভারতী আইনের ১২ ২(এ) ধারায় পরিষ্কারভাবে বলা আছে যে দেশের ঐক্য, অখন্ডতা এবং সংবিধানে অন্তর্ভুক্ত মূল্যবোধকে সমর্থন করা হবে। তাই ধর্ম নিরপেক্ষতা বজায় রাখতে এই সম্প্রচার না করা উচিত।
প্রসঙ্গত, ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভূমি পূজা অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অনুষ্ঠানটি দূরদর্শনে সরাসরি সম্প্রচার হবে বলে জানিয়েছিল উত্তরপ্রদেশ সরকার। যোগী সরকারের এই সিদ্ধান্তে আপত্তি জানায় বামেরা। বামেদের যুক্তি, ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় সম্প্রীতির নীতিগুলির ভিত্তিতে দেশের জাতীয় চ্যানেল হিসেবে প্রসিদ্ধ দূরদর্শন। ৫ আগস্ট অযোধ্যায় ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার হলে তা জাতীয় অখণ্ডতার স্বীকৃতির পরিপন্থী হবে। তাই এই অনুষ্ঠান প্রচার করা থেকে সরকারের এড়িয়ে যাওয়া উচিত।
তবে এই যুক্তি মানতে নারাজ বিজেপি। বিজেপির এক কেন্দ্রীয় নেতা বলেন, “রাম মন্দির নির্মাণের রায় সুপ্রিম কোর্ট দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো করা হচ্ছে। দূরদর্শনে তা সম্প্রচার হলে কোনও ধর্মের ভাবমূর্তি নষ্ট হবে না। দূরদর্শনে এই অনুষ্ঠানের সম্প্রচার অখণ্ডতার পরিপন্থী এই যুক্তি অকাট্য। আসলে বামেরা রাম মন্দিরের বিরোধিতা করছে, সেটা সহজভাবে বলতে পারছেন না।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news