চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
ভারত বিরোধিতার জন্য নিজের দলের মধ্যেই সমালোচনার শিকার হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। চিনের ইশারায় ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার জন্য ওলির পদত্যাগের দাবিতে শাসক ও বিরোধী দলের একাধিক নেতা সরব হয়েছেন।
আজ সকালে নেপাল কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। এই বৈঠকেই ওলির ভবিষ্যত চূড়ান্ত হয়ে যেত। কিন্তু অনিবার্য কারণবশত আজকের এই বৈঠক বাতিল করা হয়। পরবর্তী বৈঠক হওয়ার কথা রয়েছে ৬ জুলাই। ওইদিনই প্রধানমন্ত্রী হিসেবে ওলি থাকবেন কিনা তা চূড়ান্ত হয়ে যাবে।
ওলির পদত্যাগের দাবিতে সরব শাসকদলের নেতাদের একাংশের অভিযোগ, নেপালে চিনের রাষ্ট্রদূত হো ইয়ানকির প্ররোচনায় প্রধানমন্ত্রী ওলি উত্তরাখণ্ডের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা নিজেদের মানচিত্রে নিয়ে আসেন। তারপর একাধিক ভারত বিরোধী মন্তব্যে জড়িয়ে পড়েন তিনি। যার ফলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয় কাঠমাণ্ডুর। ওলির এই পদক্ষেপ ভালোভাবে নেয়নি তাঁরই দলের নেতারা। উল্টোদিকে তিব্বত সীমান্তে নেপালের ৩৩ হেক্টর জমি দখল করে নেয় চিনা সৈন্য। ফলে ওলির ওপর শাসক ও বিরোধী দুই শিবির থেকেই চাপ আরও বাড়ে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news