নিজস্ব প্রতিবেদন:
অনুচ্ছেদ ৩৭০ ধারা তুলে নেওয়ার পর এই প্রথম ইউরোপীয় ইউনিয়নের ২৩ জন সাংসদের একটি প্রতিনিধি দল দু’দিনের সফরে কাশ্মীর পৌঁছেছেন। মঙ্গলবার ২৭ জন সাংসদের কাশ্মীর যাওয়ার কথা ছিল। কিন্তু ৪ জন না গিয়ে দিল্লি ফিরে যায়। জানা গিয়েছে, ওই ৪ জন কোনো নিরাপত্তা ছাড়াই সাধারণ মানুষদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু সরকারের আপত্তি থাকায় তারা দিল্লি ফিরে গিয়েছে।
সোমবার কাশ্মীর যাওয়ার আগে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলটি প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দেখা করেন। সূত্রের খবর, তারা মোদী ও ডোভালের কাছে কাশ্মীরের প্রাথমিক অবস্থা নিয়ে ওয়াকিবহাল হন। তারপর তারা শ্রীনগরের উদ্দেশে রওনা হন। শ্রীনগর পৌঁছে তারা সেখানকার সাধারণ মানুষ, ছাত্রছাত্রী ও মহিলা, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। আজ তারা জম্মুর কিছু এলাকায় গিয়ে পরিস্থিতি আরও সরজমিনে খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের এই সফরকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত ছিল ভূ-স্বর্গ। সকালে একটি পরীক্ষা সেন্টারের সামনে গুলি চালায় জঙ্গিরা। তারপর সন্ধ্যায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় ৬ জনের। যারা কেউই কাশ্মীরের বাসিন্দা নয়। মৃত ওই ৬ জন শ্রমিক ছিল পশ্চিমবঙ্গের বাসিন্দা। এই মৃত্যু নিয়েও প্রশ্ন দানা বেঁধেছে। অনেকের মতে, পরিকল্পনা মাফিক কাশ্মীরিদের উপর হামলা না করে, বাইরের রাজ্যের মানুষের উপর হামলা করে, জঙ্গিরা বুঝিয়ে দিল কাশ্মীর আদৌ শান্ত নন। তবে এই জঙ্গিদের সঙ্গে উপত্যকার কিছু মানুষের সরাসরি যোগাযোগ রয়েছে বলে গোয়েন্দাদের অনুমান!
ইউরোপীয় ইউনিয়নের সাংসদদের সফর নিয়ে বিরোধিতায় নেমেছে কংগ্রেস ও পিডিপি। তাঁদের মতে, দেশের সাংসদের কাশ্মীরে যেতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। জঙ্গিদের গুলিতে মারা যাচ্ছে ভিন্ন রাজ্যের মানুষ। সেদিকে মোদী সরকারের নজর নেই। তারা ব্যস্ত বিদেশি সাংসদদের তোষামোদ করতে। তবে এই দাবিকে অগ্রাহ্য করে বিজেপি নেতৃত্ব। কেন্দ্রের এক বিজেপি নেতার মতে, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি শান্ত হওয়ার পর থেকে সেখানে সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে। আর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের আমরা ডাকিনি। পাকিস্তানের প্ররোচনায় পা দিয়ে তারা এসেছে। আমাদের কাজ তাঁদের সামনে সত্যিটা তুলে ধরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news