চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
অযোধ্যায় রাম মন্দিরের কয়েক হাজার ফুট নীচে টাইম ক্যাপসুল স্থাপনের সিদ্ধান্ত নিল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এই টাইম ক্যাপসুলের মধ্যে রাম জন্মভূমি ও রাম মন্দিরের তথ্যাদি তালিকাভুক্ত করে রাখা হবে। ট্রাস্টের এই পদক্ষেপের মূল কারণ যাতে পরবর্তীকালে রাম মন্দির নিয়ে কোনও বিতর্ক তৈরি না হয়।
সংবাদ সংস্থাকে ট্রাস্টের সদস্য কামেশ্বর চৌপাল জানান, “অযোধ্যায় রামের জন্মভূমি, সুপ্রিম কোর্টে দীর্ঘ লড়াইয়ের পর রাম মন্দির নির্মাণ এই সব নথিকে টাইম ক্যাপসুলের মধ্যে রেখে মন্দির নির্মাণ স্থানের ২০০০ ফুট নীচে রাখা হবে। যাতে এই মন্দির নিয়ে পরবর্তী প্রজন্মের মধ্যে ভবিষ্যতে কোনও বিতর্ক তৈরি না হয়। তাছাড়া এই মন্দির নির্মাণ নিয়ে ভবিষ্যতে কেউ গবেষণা করতে চাইলে এই নথি মাটির নীচে থাকা ওই নথি সাহায্য করবে।” ভবিষ্যতে এই টাইম ক্যাপসুলটি যাতে নষ্ট না হয়ে যায়, সেজন্য তামার বাক্সে সিল করা হবে বলে তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত, ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ৩ আগস্ট থেকে ভূমিপূজার অনুষ্ঠান হবে। ভূমিপূজার জন্য দেশের বিভিন্ন তীর্থস্থান ও নদী থেকে মাটি নিয়ে যাওয়া হবে অযোধ্যায়। পশ্চিমবঙ্গের কোচবিহার ও নদীয়া থেকে মাটি যাবে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news