নিজস্ব সংবাদদাতা
ছয় মাস আগে ফিট সার্টিফিকেট দেওয়া মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ে, মাত্র দু’মাস আগে দমকলের সার্টিফিকেট পাওয়া বাগরি মার্কেটের আগুন ৩২ ঘণ্টা পরেও নিয়ন্ত্রণে আনা যায় নি।পূর্ত মন্ত্রীর মতো এখানেও কী বেঁচে যাবেন দমকল মন্ত্রী! এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নবান্নর একতলা থেকে চোদ্দ তলা অবধি। মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের দায় কয়েকজন ইঞ্জিনিয়ারের ঘাড়ে চাপিয়ে দায় সেরেছে সরকারি তদন্ত কমিটি। বেঁচে গেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বাগরি মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনাতেও ঘটা করে তদন্ত কমিটি তৈরি হবে। এখানেও কী মাঝেরহাটের রিপিট শো হতে চলেছে? এক্ষেত্রেও কী দমকল দফতরের দু’একজনকে বলির পাঁঠা করে বাঁচিয়ে দেওয়া হবে মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে? শাসকদলের অন্দর মহলে এই প্রশ্নের দু’রকম উত্তর রয়েছে। কেউ বলছেন অরূপের মতো শোভনের গায়েও কালির ছিটে পড়বে না। আর এক পক্ষ অবশ্য শোভনের ব্যপারে পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না। তাদের মতে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভনের সম্পর্ক এখন জটিল। তাই এত আগুনের পর শোভন যে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতে পারবেন এমনটা মনে করছেন না অনেকেই। তাদের বক্তব্য, বাগরির আগুনে শোভনের বিড়ম্বিত রাজনৈতিক কেরিয়ার কিছুটা হলেও ঝলসাতে পারে আবার তিনি দিব্য পাস কাটিয়ে বেরিয়ে যেতেও পারেন। এ হেন দ্বৈত সম্ভাবনার কারন কি? তাদের ব্যখ্যা মাঝেরহাটের ক্ষেত্রেও অরূপ প্রথমে মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়ে ছিলেন। পরে তিনি কেটে বেরিয়ে এসেছেন। তিনি শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে বোঝাতে (যে ভাবেই হোক ) সক্ষম হয়েছেন তিনি নির্দোষ। শোভনও যদি শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে ‘ম্যানেজ’ করতে পারেন তাহলে এ যাত্রায় তিনিও কেল্লাফতে করতে পারবেন, প্রান যাবে দমকল দফতরের কয়েকজন উলুখাগড়ার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news