নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২৬ সেপ্টেম্বর:
ইসলামপুর ইস্যুতে বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধ কে ঘিরে ধুন্ধুমার দক্ষিণ দিনাজপুর। পুলিশের লাঠিচার্জ, পুলিশকে মারধর, গাড়ি ভাঙচুর ও পিকেটিং সহ একাধিক বিষয়কে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা জেলা। বুধবার সকাল থেকেই শুনশান বালুরঘাট। সরকারি বাস চললেও বেসরকারি বাস, দোকানপাট সম্পূর্ণভাবে বন্ধ ছিল। অধিকাংশ স্কুল কলেজ, ব্যাঙ্ক এমনকি সরকারি অফিসও বন্ধ ছিল। এদিন সকালে পতিরামে বিজেপি নেতা কর্মীরা নিজেদের দলীয় কার্যালয়ে একত্রিত হবার সময় আচমকা সেখানে পুলিশ ঢুকে বেপরোয়া লাঠিচার্জ করে বলে অভিযোগ । ঘটনায় মাথা ফেটে যায় পতিরাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশুতোষ দাসের। ঘটনায় আহত হয়েছেন আরও বেশকিছু নেতা কর্মী। এদের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বালুরঘাট শহরে বনধ এর সমর্থনে মিছিল বের করায় গ্রেফতার করা হয়েছে জেলা বিজেপির সভাপতি শুভেন্দু সরকার সহ একাধিক জেলা নেতাকে।জেলা পুলিশ সুপার প্রসুন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বনধের সমর্থনে বিভিন্ন জায়গায় পিকেটিং করার জন্য প্রায় আড়াইশো জন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তবে বনধে বড় ধরনের কোনও হিংসাত্মক ঘটনা ঘটে নি বলেই জানিয়েছেন তিনি। অন্যদিকে জেলার অন্যদিকে, হরিরামপুরে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ আটকাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন সাব ইন্সপেক্টর আসিরুল হক বলে সুত্রের খবর। এদিন দুপুরে রায়গঞ্জ-হিলি রুটের একটি সরকারি বাসের ওপর কামালপুর এলাকায় চড়াও হয় বিজেপির কর্মী সমর্থকরা । ঢিল দিয়ে ভেঙে দেওয়া হয়েছে গাড়ির কাচ, ঘটনায় রক্তাক্ত হয়েছে বাসের এক যাত্রীও। জেলার কুমারগঞ্জ ব্লকেও পিকেটিং করবার সময় বিজেপি নেতা কর্মীদের ছত্রভঙ করতে পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করে বলে অভিযোগ ।যদিও পুলিশের তরফে লাঠিচার্জের ঘটনা সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।

Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news