ভাস্কর মান্না
ফের শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। কর্তব্যরত নার্সের গাফিলতির ফলেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ শিশুটির পরিবারের।
হাসপাতাল ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৮ জানুয়ারী দেড় বছরের রোহন হাড়ি জ্বর, সর্দি উপসর্গ নিয়ে ভর্তি হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে। তারপর থেকেই বর্ধমানের শিশু বিভাগে রোহনের চিকিৎসা চলছিল। মঙ্গলবার রাতে রোহনের প্রচণ্ড কাশি হচ্ছিল, সেই সময় কর্তব্যরত নার্স শিশুটিকে ইনজেকশন দিতে আসে। কিন্তু কাশির মধ্যে শিশুকে ইনজেকশন দিতে নিষেধ করে পরিবারের লোকজন। পরিবারের কথা না শুনেই নার্স শিশুটিকে ইনজেকশন দেয়। একই সঙ্গে কর্তব্যরত নার্স রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করে। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরেই, রাত পৌনে বারোটা নাগাদ রোহন মারা যায়।
মৃতের বাবা পিন্টু হাঁড়ির অভিযোগ, ছেলে মারা যাওয়ার পর নার্সকে বিষয়টি জানালে নার্স বলেন, বেশ হয়েছে মরেছে। এরপরেই উত্তেজনা ছড়ায় হাসপাতালে। রোগীর পরিজনরা অভিযুক্ত নার্সের শাস্তি দাবী করে। হাসপাতাল ক্যাম্পের পুলিশ শিশু বিভাগের সামনে গিয়ে রোগীর পরিজনদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিন সকালে মৃতের বাবা হাসপাতাল সুপার ও বর্ধমান থানায় নার্সের শাস্তি চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে হাসপাতালের সুপার উৎপল দাঁ নার্সের দুর্ব্যবহারের কথা স্বীকার করে নিয়েছেন। তাঁর দাবি, নার্সের ব্যবহার ঠিক থাকলে পরিস্থিতি জটিল আকার ধারণ করত না। তিনি বলেন, অভিযুক্ত নার্সকে শোকজ করা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news