নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা:
আগ্নেয়াস্ত্র সহ তিন কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পেট্রাপোল থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থানার জয়ন্তীপুর এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃতরা বনগাঁর জয়পুর এলাকায় বাসিন্দা। নাম ইমতাজ আলি মণ্ডল, আবু সাফির মণ্ডল ও নউদ্দিন বিশ্বাস। এদের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার, একটি রিভলভার, বেশ কিছু কার্তুজ এবং ছুরি ও ভোজালি। পুলিশ সূত্রের খবর রবিবার গভীর রাতে জয়ন্তীপুর বাজার চত্বরে এক দল দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। পেট্রাপোল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় যায়। পুলিশের গাড়ি দেখে সকলেই পালানোর চেষ্টা করে। এদের মধ্যে তিন জনকে তাড়া করে ধরে ফেলে পুলিশ। বাকিরা পালিয়ে যায়। পুলিশি জেরায় ধৃতরা স্বীকার করে, তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়ে ছিল। স্থানীয় সূত্রের খবর, এই দুষ্কৃতীদের বিরুদ্ধে অস্ত্র পাচার, গরু পাচার, ড্রাগ পাচার, ও ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। সোমবার ধৃত তিনজনকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতেরাখার নির্দেশ দেয়। বাকিদের খোঁজে পুলিশ তল্লাশি চালাছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news