নীল রায়।
দুর্গাপুজো কমিটিগুলিকে আয়কর দপ্তরের নোটিশের বিরুদ্ধে ধরনা অবস্থান শুরু করল তৃণমূলের বঙ্গ জননী বাহিনী। মঙ্গলবার সুবোধ মল্লিক স্কোয়ারে সংগঠনের সভানেত্রী তথা বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে হয় এই কর্মসূচি। দিন দুয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে পুজো কমিটিগুলোকে আয়কর দপ্তরের নোটিশের বিরুদ্ধে সরব হন। সঙ্গে বঙ্গ জননী বাহিনীকে নির্দেশ দেন ধরনা অবস্থানের। সেই নির্দেশ পেয়েই এদিন ধরনায় বসেন তাঁরা।
তাদের ধরনা কর্মসূচি প্রসঙ্গে কাকলি ঘোষ দস্তিদার বলেন, “পুজো কমিটিগুলিকে যদি ট্যাক্স নিয়ে ভাবতে হয়, তাহলে আনুষঙ্গিক বিষয়গুলি কী হবে? এটা বাংলার উৎসবের উপর আক্রমণ।” এদিনের কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য, জোড়াসাঁকোর বিধায়ক স্মিতা বক্সী, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ইন্দ্রনীল সেন, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী ও উত্তর কলকাতা যুব তৃণমূলের কার্যকরী সভাপতি সৌম্য বক্সী প্রমূখ।
যদিও, তৃণমূল কংগ্রেসের এমন কর্মসূচিকে বিশেষ পাত্তা দিতে নারাজ বিজেপি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, “আয়কর দপ্তর যদি কোনও হিসাব চায়। তাতে ভয়ের কী আছে? এর থেকে বোঝা যাচ্ছে ওনার লোকেরা পুজোর আড়ালে অস্বচ্ছ কাজে যুক্ত আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় দুর্নীতির পক্ষে, অনিয়মের পক্ষে। অন্যায়ের পক্ষে দাঁড়ানো এখন ওনার অভ্যাসে পরিণত হয়েছে। উনি জীবনে কাউকে কোনও দিন হিসাব দেন না। কেউ হিসাব চাইলে উনি আন্দোলন করার ভয় দেখান।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news