প্রসেনজিৎ মাহাতো:
কলকাতা লিগে সোমবার অঘটন । ঘরের মাঠে মহমেডান স্পোর্টিং ২-০ চূর্ণ করল পিয়ারলেসকে।
সাদা-কালো জেতায় কলকাতা লিগ জয়ের পথে বড় ধাক্কা পিয়ারলেস। মহমেডান এ দিন জেতায় কিছুটা হলেও অক্সিজেন পেল ইস্টবেঙ্গল। এখন লিগ তালিকায় মহমেডান স্পোর্টিং চলে এল এক নম্বরে। ১০ ম্যাচ খেলে তাদের পয়েন্ট এখন ১৯। ৯ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে পিয়ারলেস নেমে গেল দু’ নম্বরে। ইস্টবেঙ্গল তিন নম্বরে। মহমেডান জেতায় কোলাডোদের সুবিধা হয়ে গেলেও, জেতা ছাড়া উপায় নেই লাল-হলুদ শিবিরের। বৃহস্পতিবারই ‘মিনি ডার্বি’। ইস্টবেঙ্গলের সামনে মহমেডান স্পোর্টিং। এই ম্যাচ জিততেই হবে ইস্টবেঙ্গলকে।
এ দিন পিয়ারলেস জিতলেই লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে অনেকটাই এগিয়ে যেত। পিয়ারলেস হেরে গেলেও লিগ জেতার আশা এখনও রয়েছে। এ দিন দু’ গোল হজম করায় পিয়ারলেসের গোল পার্থক্যের দিক থেকে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থায় লাল-হলুদ। কিন্তু, মাঠে নেমে না জিতলে সব আশা শেষ হয়ে যাবে। পরিস্থিতির গুরুত্ব নিশ্চয় বুঝছেন কোলাডো-ডিকারা।
ছন্দে থাকা পিয়ারলেস যে আজ মুখ থুবড়ে পড়বে, তা কি কেউ আগে ভেবেছিলেন। পেনাল্টি থেকে গোল করে পিয়ারলেসকে এগিয়ে দিতে পারেননি জিতেন মুর্মূ। অ্যান্টনি উলফকে মহমেডান স্পোর্টিংয়ের বক্সের ভিতর ফেলে দিলে পেনাল্টি পায় পিয়ারলেস। জিতেন শট মারার আগেই সাদা-কালো গোলকিপার প্রিয়ন্ত ঝাঁপ দিয়েছিলেন। গোল ছিল ফাঁকা। জিতেন মিস করেন। এর মিনিট ছয়েক পরেই জোরালো শট থেকে করিম গোল করে এগিয়ে দেন মহমেডানকে। আনসুমানা ক্রোমার অভাব স্পষ্ট হলো।
৭০ মিনিটে ছাংতে গোল করে পিয়ারেলেসকে মাটি ধরান। সাপ লুডোর লিগে এটাই তো মজা। কয়েকদিন আগেও মহমেডান স্পোর্টিং লিগ জেতার দাবিদার ছিল না। মুহূর্তে বদলে গেল ছবিটা। সাদা-কালো শিবির এখন লিগ তালিকার শীর্ষে। দীপেন্দুর ছেলেদের সামনেও লিগ জেতার সুযোগ রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news