চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
ভারতের বিরুদ্ধে লড়াই করতে এবার পাকিস্তানকে পাশে টানল চিন। এমনকি পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলিকেও প্ররোচনা দিতে শুরু করেছে বেজিং। সূত্রের খবর, চিনের প্ররোচনায় গিলগিট-বালটিস্তান অঞ্চলে সেনা বাড়াচ্ছে পাকিস্তান। এ ছাড়া জম্মু-কাশ্মীরে অস্থিরতা তৈরির জন্য জঙ্গি সংগঠন আলবাদরের সঙ্গে হাত মিলিয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি।
খবর অনুযায়ী, চিনের মদতে উত্তর লাদাখ অঞ্চলে প্রায় ২০ হাজার সেনা মোতায়েন করেছে পাকিস্তান। এর আগে পূর্ব লাদাখ এবং এখন উত্তর লাদাখ অর্থাৎ দু’দিক থেকেই সীমান্তে উত্তেজনা বাড়াতে চাইছে চিন ও পাকিস্তান সেনারা। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী আইএসআই-ও (ISI) হামলা চালানোর পরিকল্পনা করছে। সীমান্তের এ পারে হামলা চালানোর জন্য ইতিমধ্যে ১০০ জন পাকিস্তানি জঙ্গি কাশ্মীরের কাছে ঘাঁটি গেড়েছে।
গোয়েন্দা মারফত এই আক্রমণের খবর জানতে পেরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় সেনাও। এ বিষয়ে গোয়েন্দাদের সঙ্গে সেনার উচ্চ পদস্থ কর্তাদের বেশ কয়েকবার আলোচনাও হয়। উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় জওয়ানরা ১২০ জন জঙ্গিকে ধাপে ধাপে হত্যা করেছেন। এদের মধ্যে কিছু বিদেশি থাকলেও বেশিরভাগ স্থানীয় এলাকার। এরাই বিদেশি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করে হামলা চালাতে পারে। সূত্রের খবর, পাকিস্তান চাইছে পুলওয়ামার ধাঁচে জম্মু-কাশ্মীরে ফের ভারতের নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালাতে। তবে বর্তমানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সবটাই চিনের সাহায্য নিয়ে করতে চাইছে ইসলামাবাদ।
প্রসঙ্গত, মঙ্গলবার ভারত ও চিনের সেনাবাহিনী স্তরে সীমান্ত নিয়ে ১০ ঘন্টা ধরে আলোচনা হয়। ওই আলোচনায় উভয়পক্ষই পূর্ব লাদাখের সীমান্ত থেকে সেনা সরিয়ে শান্তি ফেরানোর সিধান্ত নিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news