Breaking News
Home / TRENDING / পদ্মা নদীর কুবেরের মতো তাঁর কপিলার হাত ধরে ‘সব’ ছাড়লেন শোভন

পদ্মা নদীর কুবেরের মতো তাঁর কপিলার হাত ধরে ‘সব’ ছাড়লেন শোভন

পার্থসারথি পাণ্ডা :

আগে বি.এ বা অনার্স লেভেলের পরীক্ষায় প্রমাণমূলক প্রশ্ন আসত, জ্ঞানদাস যত বড় ভক্ত, তত বড় কবি নন; কিম্বা বিদ্যাপতি যত বড় কবি, তত বড় ভক্ত নন ইত্যাদি টাইপস। বেশ কিছুদিন তৃণমূলের অন্দরে, শুধু তৃণমূলেরই বা কেন ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটেও ঐ ধরণের একটা ধাঁধামূলক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, শোভন যত বড় রাজনীতিক, তত বড় প্রেমিক?; নাকি, যত বড় প্রেমিক, তত বড় রাজনীতিক নন? কাদম্বরী যেমন মরিয়া প্রমাণ করিয়াছিলেন তিনি মরেন নাই, তেমনি শোভন শত শত্তুর মুখে ছাই দিয়া মন্ত্রীত্ব ও কর্তৃত্বে জলাঞ্জলি দিয়া প্রমাণ করিলেন সবার উপরে প্রেম সত্য, তাহার উপরে নাই।

তৃণমূল কর্ত্রী কথায় কথায় সাহিত্যের ফুলঝুরি ছোটান, বিদ্যাসাগর, কামিনী রায় থেকে রবীন্দ্রনাথ হয়ে জীবনানন্দ পেরিয়ে সুনীল, শক্তি, জয় পর্যন্ত তাঁর কন্ঠস্থ। কিন্তু তাঁকেও টেক্কা দিলেন শোভন, মন্ত্রীত্বে ও মেয়রপদে পদত্যাগ করে বুঝিয়ে দিলেন সাহিত্য তাঁর প্রতি পদক্ষেপে, সাহিত্য তাঁর প্রেমে। তাঁর প্রেমের মহাকাব্য রামায়ণের মতোই বহু আগেই যেন লেখা হয়ে গিয়েছিল, লিখেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসে, এখন যেন শুধু বাস্তবে সেটাই ঘটল। শোভন যেন ‘পদ্মানদীর মাঝি’-র কুবের। কুবেরের স্ত্রী মালা ছিল, তবু তার জীবনে এলো শ্যালিকা কপিলা। যদিও শোভনের প্রেমিকা বৈশাখী শোভনের শ্যালিকা ছিলেন না, তবে কপিলার সঙ্গে তাঁর মিল আছে ডিভোর্সি হওয়ার ব্যাপারটায়। কপিলার যৌবনের কাছে কুবের যেমন ধরা দিয়েছিল, তেমনি ধরা দিয়েছেন শোভনও। জেলে পাড়ায় বেশ মাতব্বর হওয়া সত্বেও, বউ ও ছেলেপিলে থাকা সত্বেও সব ছেড়ে প্রেমকে অগ্রাধিকার দিয়ে সব ছেড়েছুড়ে কপিলাকে নিয়ে কুবের চলে গিয়েছিল হুসেন সাহেবের নতুন দ্বীপে। কারণ, জেলেপাড়ায় তাদের এই প্রেমকে মেনে নেবার মতো কেউ ছিল না। দলে সর্বময়ী দিদি অনেক হুঁশিয়ারি দিয়েছেন, অনেকবার সাবধান করেছেন, কিন্তু কুবেরের মতোই শোভনকেও তাতে দমিয়ে রাখা যায়নি, তিনি প্রেমকেই অগ্রাধিকার দিয়ে মন্ত্রীত্ব ও মেয়রত্বের মোহ ছেড়েছেন, কিন্তু এখন কোন হুসেনচাচার হাত ধরে কোন ময়না দ্বীপে ঘর বাঁধেন সেটাই এখন দেখার। শ্রীধর কথক কবেই লিখেছিলেন, ‘ভালবাসিবে বলে ভালবাসিনে!/আমার সে ভালোবাসা, তোমা বৈ জানিনে!’ শোভন বৈশাখীর হাত ধরে সেটাই যেন গাইতে গাইতে মন্ত্রীত্বের মূল ছেড়ে অত্যন্ত অবহেলায় বেরিয়ে এলেন। এটা যদি সিনেমা হত (সিনেমার চেয়ে কমই বা কী, বাস্তবে প্রেমের জন্য সত্যি এমন ত্যাগ কজন দেখাতে পারেন !), তাহলে এর পর একটা নতুন সূর্য ওঠার শট অবশ্যই যেত…আর সেইসঙ্গে শোনা যেত হল জুড়ে তালি…

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *