নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি:
নকশালবাড়ি থেকে সন্দেহভাজন চার জঙ্গিকে গ্রেফতার করল সিআইডি। ধৃতরা অসম, কোচবিহার এবং জলপাইগুড়ির বাসিন্দা। এরা সকলেই নতুন জঙ্গি সংগঠন গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশনের প্রথম সারির নেতা বলে জানা গিয়েছে। শনিবার শিলিগুড়ির নকশালবাড়ি রায়পাড়া এলাকায় অভিযান চালায় সিআইডি ও নকশালবাড়ি থানার পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় চার সন্দেহভাজন জঙ্গিকে। ধৃতদের নাম নির্মল রায়, কনদর্পা দাস, রতন অধিকারী ও দীপিপ্রসাদ রায়। ধৃত নির্মল রায় ও কনদর্পা দাস অসমের বাসিন্দা। রতন অধিকারী কোচবিহার ও দীপিপ্রসাদ রায় জলপাইগুড়ির ধূপগুড়ির বাসিন্দা। জানা গিয়েছে, সম্প্রতি নির্মল রায় ওরফে ‘নির্মলবাবা’ নামে বেশ কয়েকটি উস্কানিমূলক ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করে। এরপরেই ভিডিওগুলি সিআইডি ও পুলিশের নজরে আসে। বিষয়টি নিয়ে তৎপর হয় প্রশাসন। তার পর রীতিমত ফাঁদ পেতে তাদের গ্রেফতার করে। সিআইডি সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জেরা করার সময় তারা স্বীকার করেছে যে রেললাইনে বিস্ফোরণের ছক ছিল। সূত্রের খবর ধৃতদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news