ওয়েব ডেস্ক:
পাকিস্তানে ইসলামের সমালোচনায় অভিযুক্ত আসিয়া বিবির ফাঁসির সাজা মকুব করল সে দেশের শীর্ষ আদালত। বুধবার ইসলামাবাদে ৩ বিচারপতির বেঞ্চ জানায় আসিয়া বিবির বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না পেশ করতে পারায় তাঁর ফাঁসির সাজা মকুব করা হল। আসিয়া বিবিকে অবিলম্বে মুক্ত করার ঘোষণাও করে আদালত। উল্লেখ্য, ২০০৯ সালের ১৪ জুন খেতে আরও কয়েকজন মহিলার সঙ্গে ফল তুলছিলেন আসিয়া । সেসময় তিনি জল চাওয়ায় বাকি মুসলমান মহিলারা অ-মুসলমান আসিয়াকে জল দিতে চাননি। সেসময় তর্কাতর্কি করতে গিয়ে আসিয়া ইসলামী ধর্মগুরু মহম্মদকে অপমান করেন বলে অভিযোগ। এরপরই বাকি মহিলারা আসিয়ার বিরুদ্ধে স্থানীয় মসজিদের মৌলানার কাছে অভিযোগ করেন। পাকিস্তানে ইসলাম বা যে কোনও ধর্মের নিন্দার সাজা মৃত্যুদণ্ড। কিন্তু প্রথম থেকেই নিজেকে নিরপরাধ বলে দাবি করে আসছিলেন আসিয়া। তাঁর দাবি উল্টে তিনি ক্রিশ্চান বলে তাঁর ধর্মকে অপমান করা হয়েছিল। কিন্তু উচ্চ আদালতে তা প্রমাণ করতে পারেননি আসিয়া। তাই তাঁকে ফাঁসির সাজা শোনায় আদালত। এরপর পাকিস্তানের শীর্ষ আদালতে আপিল জানিয়েছিলেন আসিয়া। এদিকে, শীর্ষ আদালত জানায় আসিয়া যে মহম্মদকে অপমান করেছেন, তার প্রমাণও স্পষ্টভাবে মেলেনি। ইসলাম যেহেতু সহিষ্ণুতা এবং প্রেম ভাবনায় বিশ্বাসী তাই প্রমাণের অভাবে আসিয়াকে ফাঁসি দেওয়া ইসলাম ধর্মের বিরুদ্ধ বলেও রায় দেন বিচারপতিরা। আসিয়ার মুক্তিকে তাঁর স্বামী ও সন্তানেরা ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন। এদিকে আসিয়ার মুক্তিকে ইসলামাবাদে বিক্ষোভ দেখান কয়েকশো মানুষ। অবস্থা সামাল দিতে নামানো হয় ৩০০ পুলিশ ও প্যারামিলিটারি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news