ওয়েব ডেস্ক
আবার শিরোনামে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমিনিস্টার’। এবার এই সিনেমার মুখ্য অভিনেতা অনুপম খের, অক্ষয় খান্না সহ ১২ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল মুজফ্ফরগনর থানার পুলিশ। অনুপম খের ও সিনেমার আরও ১২জন কলাকুশলীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫, ১৫৩, ১৫৩এ, ২৯৩, ৫০৪, ৫০৬, ১২০বি ও ৩৪ ধারায় অভিযোগ করা হয়েছে। এই অভিনেতাদের বিরুদ্ধে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানো, অশ্লীল সামগ্রীর বিক্রি, অশান্তি ছড়ানোর লক্ষ্যে অপমানজনক বক্তব্য পেশ সহ একাধিক মামলা করা হয়েছে।
উল্লেখ্য, ৮ই জানুয়ারি উত্তর প্রদেশের একটি দায়রা আদালতে এক আইনজীবী ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমিনিস্টার’ এর ১২ জন কলাকুশলীর বিরুদ্ধে মামলা করেন। সুধীর কুমার ওঝা নামের ওই আইনজীবীর অভিযোগ, সিনেমায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে নেতিবাচক ব্যক্তিত্ব হিসেবে দেখানো হয়েছে। তাঁর আরও অভিযোগ, ছবিটির ট্রেলার ও প্রোমো দেখে তিনি অত্যন্ত আহত হয়েছেন। জেলা দায়রা আদালত ওই মামলার আবেদন গ্রহণ করে কান্তি থানাকে অনুপম খের, অক্ষয় খান্না সহ ১২জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেয়। এরপর ৪ঠা ফেব্রুয়ারি কান্তি থানা আদালতের নির্দেশে কোনও পদক্ষেপ নেয়নি বলে ওঝা ফের আদালতে অভিযেগ করেন। এরপরই মুজফ্ফরগনর থানাকে এফআইআর দায়ের করার নির্দেশ দেয় জেলা দায়রা আদালত।
‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমিনিস্টার’ ছবিটি প্রথম থেকেই বিতর্কের মধ্যে রয়েছে। সিনেমার ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই তা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। কয়েকটি জায়গায় সিনেমাটি বন্ধও করে দেওয়া হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news