নিজস্ব প্রতিনিধি: প্রয়াত অভিনেতা তাপস পাল। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার ভোররাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় অভিনেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬১। ২৮ জানুয়ারি মুম্বই গিয়েছিলেন। সেখান থেকে পয়লা ফেব্রুয়ারি মেয়ে সোহিনী পালের কাছে, মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল । বিমান ধরার আগেই বুকে ব্যাথা অনুভব করেন। ভর্তি করা হয় হাসপাতালে। রাখা হয় ভেন্টিলেশনে। একবার চিকিৎসায় সামান্য সাড়া দিলেও সোমবার থেকে অবস্থার অবনতি শুরু হয়। মঙ্গলবার রাত ৩টে 36 মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। শোকস্তব্ধ শিল্পী মহল। ১৯৫৮ সালের ২৯ শে সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্ম। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ। কলেজে পড়াকালীন নজরে পড়েন পরিচালক তরুণ মজুমদারের। মাত্র ২২ বছর বয়সে মুক্তি পায় প্রথম ছবি দাদার কীর্তি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের।
উল্লেখযোগ্য ছবি গুলির মধ্যে সাহেব, অনুরাগের ছোঁয়া, পারাবত প্রিয়া, ভালোবাসা ভালোবসা । ‘সাহেব’ ছবির জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান ১৯৮১ সালে। বাংলার পাশাপাশি অভিনয় করেছেন হিন্দি ছবিতেও। মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেছেন ‘অবোধ’ ছবিতে। কৃষ্ণনগর লোকসভা থেকে তৃণমূলের লোকসভার সাংসদ ছিলেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news