ভাস্কর মান্না:
রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল, বাম ও কংগ্রেস। বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী দল হওয়া সত্ত্বেও এখনও চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে উঠতে পারেনি বিজেপি। বিজেপি সূত্রে খবর, খড়গপুর সদরে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া আসনে প্রার্থী হচ্ছেন তাঁরই ঘনিষ্ঠ প্রেমচাঁদ ঝা। অপরদিকে করিমপুরে সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ও কালিয়াগঞ্জে কমল দাসের নাম নিয়ে জল্পনা চলছে।
তবে এই প্রার্থীদের নাম এখনও চূড়ান্ত না হলেও, খড়গপুর সদরে প্রেমচাঁদ ঝা-এর নাম নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে বিজেপির অন্দরে। সূত্রের খবর, প্রেমচাঁদের নাম নিয়ে জেলা ও রাজ্য নেতৃত্বের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। জানা গিয়েছে, জেলা নেতৃত্ব প্রেমচাঁদের বিরুদ্ধে রাজ্য নেতৃত্বকে খড়গপুরে তোলা আদায় সহ একাধিক অভিযোগ জানিয়েছে। তারপরেও দিলীপ ঘোষের ঘনিষ্ঠ হওয়ায় প্রার্থী হিসেবে তাঁর নাম উঠে আসায় জেলা নেতৃত্ব অসন্তোষ প্রকাশ করেছে। জেলা নেতৃত্বের মতে, প্রেমচাঁদ ঝা ২০১৬ বিধানসভা ও ২০১৯ লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের নির্বাচনী এজেন্ট ছিলেন। ২০১৬ সালে প্রেমচাঁদের সাহায্যেই কংগ্রেসকে রুখে খড়গপুর সদরে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ।
এর আগে খড়গপুর সদরে প্রার্থী হিসেবে ভারতী ঘোষের নাম নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। বিজেপি সূত্রে খবর, ভারতীকে এখনই প্রার্থী করতে রাজি নয় রাজ্য নেতৃত্ব। তবে ভারতীর নাম নিয়ে ক্ষোভ নেই জেলার নেতাদের। কারণ প্রাক্তন পুলিশ সুপার থাকার সুবাদে খড়গপুর এলাকাটি নিজের হাতের তালুর মতো চেনেন ভারতী। এছাড়া ভারতীর সঙ্গে জেলা নেতাদের সম্পর্কও ভালো। কিন্তু ভারতী প্রার্থী হলে ও জিতলে খড়গপুর তথা পশ্চিম মেদিনীপুরে দিলীপ ঘোষের পাশাপাশি আরও একটি পাওয়ার সেন্টার তৈরি হবে। বিজেপির অন্দরের খবর দিলীপ ঘনিষ্ঠরা এই অঙ্ক মাথায় রেখে ভারতীকে আটকে রাখতে চাইছেন। আবার আর একটি সূত্রের খবর ভারতী নাকি নিজেই প্রার্থী হতে আগ্রহী নন।
তবে প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতৃত্ব। জানা গিয়েছে, ২ নভেম্বর প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news