নীল বণিক
শিলিগুড়ি ও দিনহাটার জনসভায় উপচে পড়া ভিড় দেখে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই এরাজ্যে আরও জনসভা করার ইচ্ছা প্রকাশ করেছেন মোদী। এমনিতেই আগে থেকেই রাজ্যে ১০টি জনসভা করার কথা ছিল মোদীর। সেজন্য দলের কেন্দ্রীয় নেতাদের কাছে পশ্চিমবঙ্গে আরও জনসভা করার ইচ্ছা ব্যক্ত করেন নরেন্দ্র মোদী। দলীয় সূত্রের খবর, এরপরেই রাজ্য নেতাদের নরেন্দ্র মোদীর জনসভার জন্য জেলা চিহ্নিত করতে বলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য বিজেপি সূত্রের খবর, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবার কেন্দ্রে এবার জনসভা করতে পারেন নরেন্দ্র মোদী। ডায়মন্ড হারবারের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ও বসিরহাট সহ মোট ছ’টি জায়গার নাম ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাজ্য নেতৃত্ব পাঠিয়েছে বলে বিজেপি সূত্রের খবর। আগের দুটি জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্রভাবে আক্রমণ করে ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। তাঁর আক্রমণের পাল্টা আক্রমণে নরেন্দ্র মোদীকে বিদ্ধ করে এই উত্তাপে অন্য মাত্রা যোগ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে রাজ্যে মোদী মমতা দ্বৈরথে রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত হতে চলেছে সন্দেহ নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news