নিজস্ব প্রতিবেদন:
দেশের বিভিন্ন প্রান্তে হওয়া ট্রেনের মধ্যে অপরাধগুলির পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। ওই পরিসংখ্যান অনুযায়ী, ট্রেনের মধ্যে চুরির ঘটনায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্রের নাম। দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। এছাড়া চুরির ঘটনায় প্রথম পাঁচের মধ্যে রয়েছে দিল্লি, গুজরাত ও তামিলনাড়ুর মতো রাজ্যের নাম।
এই রিপোর্ট ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (NCRB) দ্বারা প্রকাশিত হয়েছে। তবে এই রিপোর্টে উত্তরপ্রদেশের নাম উল্লেখ করা হয়নি। রিপোর্টের পরিসংখ্যান অনুযায়ী, ট্রেনের মধ্যে চুরি হওয়ার ঘটনায় ৭৪ হাজার মামলা করা হয়েছে। এই মামলাগুলিতে মোট ১৫৭ কোটি টাকার সম্পত্তি চুরি হয়েছে।
এনসিআরবি-র রিপোর্ট অনুসারে, গত দু’বছরে ট্রেনে হওয়া অপরাধের পরিমাণ ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৭ সালে ট্রেনের মধ্যে ১১ লক্ষের বেশি অপরাধ হয়েছে। তারমধ্যে ৭০ শতাংশ রয়েছে লুটপাট ও চুরির ঘটনা। এছাড়া ২০১৭ সালে ট্রেনে ৭৪,৩১৭টি চুরি হওয়ার মামলা দায়ের করা হয়েছে। ওই মামলাগুলির মধ্যে ১২ হাজার মামলা হয়েছে শুধুমাত্র মেট্রো রেলের মধ্যে।
আবার অন্য রাজ্যের তুলনায় পাহাড়ি রাজ্যে চুরি হওয়ার ঘটনা তুলনামূলক ভাবে অনেক কম। হিমাচলপ্রদেশ, জম্মু-কাশ্মীর সহ অসম, ত্রিপুরার মতো রাজ্য গুলিতেও ট্রেনের মধ্যে হওয়া অপরাধের সংখ্যা কম। তবে এই রাজ্যগুলোতে রেল পরিষেবা খুব উন্নত নয়।
অন্যদিকে ২০১৭ সালে ট্রেনের মধ্যে ২০৯টি খুনের ঘটনায় মামলা করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি খুনের ঘটনায় মামলা হয়েছে হরিয়ানাতে। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এছাড়া প্রথম পাঁচের মধ্যে রয়েছে বিহার, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news