নীল রায়
কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেফতার করতে পারে সিবিআই, এই মর্মে যাবতীয় প্রকাশিত তথ্য, সংবাদ ও সম্ভাবনাকে খারিজ করে তাঁকে দরাজ সার্টিফিকেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাত থেকেই খবরটি চাউর হতে শুরু করে যে সারধা তথা বিভিন্ন চিটফান্ড কাণ্ডের তদন্তের নথি নয়ছয়ের অভিযোগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেপ্তার হতে পারেন রাজীব কুমার। রবিবার সকালে ট্যুইট করে মুখ্যমন্ত্রী আক্রমণ করেন বিজেপি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। তিনি লেখেন, “বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কর্মী কলকাতার পুলিশ কমিশনার। তাঁর সততা, নিষ্ঠা এবং সাহস প্রশ্নাতীত। বিজেপি-র একেবারে শীর্ষ নেতৃত্ব প্রতিহিংসার রাজনীতি করছে।” মুখ্যমন্ত্রী আরও লেখেন, “ওঁ দিনরাত কাজ করছে, শুধু একদিন ছুটি নিয়েছিল। মিথ্যা কথা ছড়িয়ে কী হবে, যা মিথ্যা তা মিথ্যা হিসাবেই থেকে যাবে।” এদিনই কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি প্রেস বিবৃতি জারি করা হয় যেখানে পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে এই সংক্রান্ত প্রকাশিত যাবতীয় খবরকে ভিত্তিহীন বলা হয়েছে। প্রসঙ্গত, শনিবার দুর্গাপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিটফান্ড ছবি আঁকা তথা একাধিক আর্থিক দুর্নীতির ক্ষেত্রে সব যোগসূত্র একটি জায়গাকে কেন্দ্র করেই হচ্ছে বলে অভিযোগ করেছিলেন। সঙ্গে আরও বলেছিলেন,” তিনি থাকতে কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না অপরাধীরা সকলেই শাস্তি পাবেন।” তারপর সেই রাতে রাজীব কুমারের গ্রেফতারের খবর প্রকাশিত হতে শুরু করে। কিন্তু প্রশাসক হিসেবে মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্য রাজীব কুমারকে আশ্বস্ত করবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। কারণ রাজীব কুমার বরাবরই মুখ্যমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন ও ঘনিষ্ঠ পুলিশ অফিসার বলেই পরিচিত। বিপদের মুহূর্তে মুখ্যমন্ত্রীর এই জোড়া টুইট রাজীব কুমারকে যথেষ্ট স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news