নিজস্ব সংবাদদাতা:
খোদ শহর কলকাতার বুকে থানায় ঢুকে ভাঙচুর ও পুলিশের উপর আক্রমণের ঘটনা ঘটল। এই ঘটনায় আজ ৫ জনকে গ্রেফতার করল টালিগঞ্জ থানার পুলিশ।
ঘটনার সূত্রপাত রবিবার মধ্যরাতে টালিগঞ্জ থানার সার্দান অ্যাভিনিউতে পুলিশের নাকা তল্লাশি চলছিল। সেই সময় ওই জায়গায় মদ্যপ অবস্থায় এক বাইক চালককে আটকানোর চেষ্টা করলে সে পালিয়ে যায়। পরবর্তী ক্রসিংয়ে তাকে ধরে ফেলে পুলিশ। তারপর তাঁকে টালিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, রণঞ্জয় হালদার নামে ওই বাইক চালক চেতলার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, জেরার সময় তিনি বারবার পুলিশকে হুমকি দিচ্ছিলেন। বলছিলেন তিনি চেতলার এক প্রভাবশালী ব্যক্তির খুব ঘনিষ্ঠ। পুলিশ বুঝতে পারে তিনি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নাম নিচ্ছেন এবং চমকানোর চেষ্টা করছেন। এরপর পুলিশ ওই ব্যক্তিকে আটকে রেখে পরিবারের লোককে খবর দেয়।
কিছুক্ষন পরিবারের পক্ষ থেকে প্রায় ১৫ থেকে ২০ জন থানায় আসে এবং অভিযুক্তকে ছেড়ে দেওয়ার দাবিতে থানায় বিক্ষোভ চালায়। এমনকি একটা সময় পর তারা থানার ভিতর ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনার ১১ ঘন্টা পর অভিযুক্তদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ধারায় মামলা রুজু করে পুলিশ। প্রায় ৩০ ঘন্টা পর ৫ জনকে গ্রেফতার করেছে টালিগঞ্জ থানার পুলিশ। বাকি হামলাকারীরা পলাতক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news