চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
আগামী ৩ ও ৫ আগস্টের মধ্যে যে কোনও একটি দিনে রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তরের কাজ শুরু হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শনিবার অযোধ্যায় বৈঠকের পর এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি রাম মন্দির ট্রাস্ট।
সুপ্রিম কোর্টের নির্দেশে ৫ ফেব্রুয়ারি রাম মন্দির নির্মাণের জন্য শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ট্রাস্টের হাতেই মন্দির নির্মাণ ও পরিচালনার ভার তুলে দেওয়া হয়। সেই মতো ওই ট্রাস্ট রাম মন্দির নির্মাণের জন্য দিনক্ষণ চূড়ান্ত করতে শনিবার একটি বৈঠক ডাকেন। সেই বৈঠকেই আগস্টের ৩ ও ৫ তারিখ ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রসঙ্গে ট্রাস্টের সভাপতি নিত্য গোপাল দাস বলেন, “আমরা বৈঠকে দুটি শুভদিন ভিত্তিপ্রস্তরের জন্য নির্ধারণ করেছি। আগস্টের ৩ ও ৫ তারিখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দুটি দিনের মধ্যে যে দিন আসতে পারবেন, সেদিনই ভিত্তিপ্রস্তরের কাজ শুরু করা হবে।”
এদিনের বৈঠকের পর ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পটত রাই বলেন, “বর্ষাকাল শেষ হলে আমরা রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করতে দেশজুড়ে ১০ কোটি পরিবারের কাছে যাব। তারপর সব নকশা সম্পূর্ণ হলে তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যেই রাম মন্দির তৈরি হয়ে যাবে।” একই সঙ্গে এ দিনের বৈঠকে রাম মন্দিরের মডেল নিয়েও আলোচনা হয়। বিশ্ব হিন্দু পরিষদের নেতা তথা ট্রাস্টের সদস্য কামেশ্বর চৌপাল বলেন, পাঁচটি গম্বুজ সহ রাম মন্দিরের উচ্চতা হবে ১৬১ ফুট। উল্লেখ্য, এদিনের বৈঠকে ট্রাস্টের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রাক্তন প্রধানসচিব নৃপেন্দ্র মিশ্র। যিনি এই ট্রাস্টের চেয়ারম্যান। এ ছাড়া ছিলেন উত্তরপ্রদেশের মুখ্য সচিব অবনীশ অবস্থি।
প্রসঙ্গত, ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ অযোধ্যার বিতর্কিত ৫ একর জমিতে রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দেন। পাশাপাশি সর্বোচ্চ আদালতেও জানিয়ে দেন মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট তৈরি করতে। সেই মতো ট্রাস্ট গঠন করেন প্রধানমন্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news