ওয়েব ডেস্ক:
বুলন্দশহর কাণ্ডে ইন্সপেক্টর সুবোধ সিংয়ের হত্যায়অভিযুক্ত সেনা জওয়ানকে উত্তর প্রদেশ পুলিশের হাতে তুলে দিল রাষ্ট্রীয় রাইফেল্স। শনিবার কাশ্মীরে নিযুক্ত রাষ্ট্রীয় রাইফেল্সের তরফে অভিযুক্ত জীতেন্দ্র মালিককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কয়েকদিন আগেই তদন্তকারী আধিকারিকরা জানিয়েছিলেন, বুলন্দশহরে ইন্সপেক্টর সুবোধ সিংয়ের হত্যার পিছনে কোনও এক ভারতীয় জওয়ানের হাত রয়েছে। তদন্তে জানা যায় ঘটনার দিন জীতেন্দ্র মালিক বুলন্দশহরেই ছিল। এবং তারপরই হঠাৎ উধাও হয়ে যায় সে। এরপরই সেনাবাহিনীকে যোগাযোগ করে উত্তর প্রদেশ পুলিশ। সেনা কর্তাদের অনুমতি পাওয়ার পরই মালিককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে জীতেন্দ্র মালিককে সেনা কোথা থেকে গ্রেফতার করল এবং কোথায় তাঁকে উত্তর প্রদেশের পুলিশের হাতে তুলে দেওয়া হল তা নিয়ে মুখ খুলতে চায়নি সেনা।
উল্লেখ্য, ৩ ডিসেম্বর বুলন্দশহরে গোহত্যার গুজবের জেরে দুটি দলের মধ্যে সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। পুড়িয়ে দেওয়া হয় বহু গাড়ি, বাইক, ভাঙচুর করা হয় পুলিশ ফাঁড়ি। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক পুলিশ ইন্সপেক্টর এবং এক স্থানীয় যুবকের। তদন্তে নেমে সিসিটিভি খতিয়ে দেখা যায় এক জওয়ানের গুলিতে ওই দুজনের মৃত্যু হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news