ওয়েব ডেস্কঃ
জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর প্রস্তাব পেশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দাবি করেন, কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন থাকায় লোকসভা ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে। সামনেই রয়েছে অমরনাথ যাত্রা, তাই ওই সময় পর্যন্ত রাষ্ট্রপতি শাসন রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।
পিডিপির সঙ্গে বিজেপির জোট ভেঙে যাওয়ার পর ওই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়। চলতি বছরের ৩ জুলাই থেকে এই মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করছে স্বরাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রকের মতে, এখনই জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট না করানোই ঠিক হবে, অমরনাথ যাত্রা পর্যন্ত পরিস্থিতির উপর নজর রাখতে চায় কেন্দ্র। তাই ওই সময়ের পরেই রাজ্যে বিধানসভা ভোট নিয়ে ভাবনা চিন্তা শুরু হবে।
প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর গতকাল প্রথমবার কাশ্মীর সফরে যান অমিত শাহ। জঙ্গি হামলায় নিহত সেনা জওয়ানদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। তাঁদেরকে সবরকম সাহায্যের আশ্বাসও দেন তিনি। এছাড়া সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষদেরকে এখনই বিশেষ সুবিধা থেকে বঞ্চিত না করার কথা বলেন। পাশাপাশি নিয়ন্ত্রণরেখায় ১৫০০০ হাজার বাঙ্কার তৈরির পরিকল্পনা করেছে কেন্দ্র।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news