চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
জমায়েত করে বিয়ে বাড়ির অনুষ্ঠান। আর তার ফল ভুগতে হল নব দম্পতিকে। অসমের সোনিতপুর জেলার একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে থাবা বসাল করোনা। মারণ ভাইরাসে আক্রান্ত হলেন নব দম্পতি সহ ১১ জন। পুরো বিয়ে বাড়িটিকেই হটস্পট ঘোষণা করেছে জেলা প্রশাসন। খোঁজ চলছে বাকি অংশগ্রহণকারী অতিথিদের।
খবর, ২ জুলাই বিয়ে বাড়ির অনুষ্ঠানটি হয় সোনিতপুরের ঢেকিয়াজুলি এলাকায়। ওই অনুষ্ঠানের কিছুদিন পর বরের বাবার কিছু উপসর্গ দেখা যায়। করোনা সন্দেহে পরীক্ষা করতে দেওয়া হয়। ৪ দিন আগে বুধবার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই স্থানীয় প্রশাসনের তরফে তেজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নব দম্পতি সহ পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার দেখা যায় নব দম্পতি সহ পরিবারের ১১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এরপরই তাঁদের সবাইকে তেজপুর পাড়ুয়া এলাকার একটি কোভিড হাসপাতালে ভর্তি করা হয়।
সোনিতপুর জেলার ডেপুটি কমিশনার মানবেন্দ্র প্রতাপ সিংহ বলেন, জেলার স্বাস্থ্য দপ্তর প্রাথমিকভাবে ওই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৩৭ জনের নমুনা পরীক্ষা করেছে। বর, বউ ও বরের বাবাসহ ১১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। শীঘ্রই ওই অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাকিদেরও আমরা নমুনা পরীক্ষা করব। প্রসঙ্গত, কয়েকদিন আগে অসমের লাখিম্পুর জেলার একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ২২ জন করোনা আক্রান্ত হন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news