নিজস্ব সংবাদদাতা, নদিয়া:
দীর্ঘ দিন চোরপুলিশ খেলার পর অবশেষে গ্রেফতার হতে হল শান্তিপুর কলেজের টিএমসিপি নেতা মণি সরকারকে। গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার ধানতলা থানার পুলিশ দলুয়াবাড়ি থেকে মণি এবং শান্তিপুরের সারাগরের বাসিন্দা পাপ্পা শেখ নামে তার এক সাকরেদকে গ্রেফতার করে। মণি ও তার সাকরেদের বিরুদ্ধে পঞ্চায়েত ভোটের সময় শান্তিপুরের ঘোড়ালিয়ায় বিজেপির এক মহিলা প্রার্থীর জা-কে গণ ধর্ষণ এবং ভোটের ফল প্রকাশের পর এলাকার দখল নিতে বিজেপি নেতা বিপ্লব শিকদারকে খুনের অভিযোগ রয়েছে। বহুদিন ধরেই পুলিশ তাদের খুঁজছিল। এই একই অভিযোগে অভিযুক্ত মণির দাদা মনোজ সরকারকে পুলিশ আগেই গ্রেফতার করেছে। মনোজ শান্তিপুর কলেজের টিএমসিপির প্রাক্তন ছাত্র নেতা। মনোজ পুলিশের চোখে ধূলো দিয়ে রাজ্যের বাইরে পালিয়ে যাওয়ার আগেই শান্তিপুর থানার পুলিশ তাকে দমদম বিমান বন্দর থেকে গ্রেফতার করেছিল। অভিযুক্তদের বৃহস্পতিবারই শান্তিপুর থানার পুলিশ রাণাঘাট মহকুমা আদালতে তোলে। বিচারক তাদের দশ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news