নিজস্ব প্রতিনিধি :
ফের চীনের বাধায় রাষ্ট্রসঙ্ঘে জইশ-ঈ-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা আটকে গেল। এই নিয়ে চারবার ব্যর্থ হলো ভারত। যার জেরে বিরোধীদের আক্রমণের মুখে পড়ে মোদি সরকার। গোটা ঘটনাটিকে মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতা বলে, নির্বাচনের সময় ময়দানে নেমে পড়ে বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার পাল্টা বিরোধীদের আক্রমণ করেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেন, বিরোধীরা অযথা মোদি সরকারের সমালোচনা করছে। কারণ এতদিন রাষ্ট্রপুঞ্জে একাই লড়েছিল ভারত। কিন্তু এখন গোটা বিশ্বের সমর্থন রয়েছে আমাদের পাশে।
মাসুদকে নিয়ে চীনের সমর্থন না পাওয়ার কারণে, মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতার দিকে আঙুল তুলেছিল রাহুল গাঁধী। কিন্তু শুক্রবার এই মন্তব্যের আপত্তি তুলে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বেশ কয়েকটি টুইট করেন। তিনি বলেন, “মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জে নিষিদ্ধ করা নিয়ে কিছু তথ্য জানাতে চাই। মাসুদকে নিষিদ্ধ করতে এখনও পর্যন্ত রাষ্ট্রপুঞ্জে মোট চারবার আবেদন জানিয়েছে ভারত। ২০০৯ সালে ইউপিএ সরকার একা সেই প্রস্তাব তুলেছিল। ২০১৬ সালে এব্যাপারে আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেনকে পাশে পাই আমরা।”
আরেকটি টুইট করে তিনি বলেন, “২০১৭ সালে আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সই মাসুদকে নিষিদ্ধ করার প্রস্তাব তোলে। ২০১৯- এ সেই সংখ্যাটা এসে দাঁড়ায় ১৪-তে। আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেনের তোলা প্রস্তাবে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ১৪টি সদস্য দেশ সমর্থন জানায়। এমনকি নিরাপত্তা পরিষদের সদস্য নয় যে দেশগুলি সেই অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইতালি এবং জাপান তাতে সমর্থন জানায়।”
পাশাপাশি কংগ্রেসকে কটাক্ষ করে তিনি আরেকটি টুইট করে বলেন, “মাসুদকে নিয়ে রাষ্ট্রপুঞ্জে ব্যাপক সাড়া পেয়েছে ভারত। এরপরেও কেউ যদি এটাকে কূটনৈতিক ব্যর্থতা বলে উল্লেখ করেন, তবে তাঁদের ২০০৯ সালের কথা মনে করা উচিত। সেই সময় ভারত ছিল একা। আজ ভারতের পাশে রয়েছে গোটা বিশ্ব।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news