নিজস্ব সংবাদদাতা
অবশেষে রাজধানীতে ঢুকতে দেওয়ায় কিষান ঘাট পর্যন্ত পদযাত্রা করে শেষ হল কিষান ক্রান্তি মোর্চা। বুধবার ভোরে এই পদযাত্রা তুলে নেওয়ার কথা জানান তারা। মঙ্গলবারই কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পর দিল্লি-গাজিয়াবাদ সীমান্তে অনশনরত ভারতীয় কিষান মোর্চার সদস্যরা জানিয়েছিলেন তাদের বেশিরভাগ দাবিই মেনে নিয়েছে সরকার। কিন্তু তখনও দিল্লিতে ঢুকতে দেওয়া হয়নি তাদের, তাই অনশন থেকে উঠবেন না বলে জানিয়ে দেন তারা। এরপরের ঘটনা সবার টিভিতে দেখা। পুলিশ অনশনরত কৃষকদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ারগ্যাস ছোঁড়ে। জোর করে ব্যারিকেড ভেঙে রাজধানীতে ঢোকার চেষ্টা করে কৃষকেরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ আরও অশান্তির আশঙ্কায় গাজিয়াবাদ ও নয়ডার সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন। পরে রাতে দিল্লি পুলিশের সঙ্গে আলোচনায় কিষান ঘাট পর্যন্ত যেতে রাজি হওয়ায় এবং সেখানে অনশন করবেন না, এই দু শর্তে কৃষকেরা রাজি হওয়ায় রাত ১টায় ফের পদযাত্রা শুরু হয়। কৃষকেরা শান্তিপূর্ণভাবে কিষান ঘাট পর্যন্ত গিয়ে তাদের অনশন তুলে নেন। উল্লেখ্য, ঋণ মকুব, বিদ্যুৎ বিল মকুব সহ ১৫ দফা দাবি নিয়ে গত ১০ দিন ধরে হরিদ্বার থেকে পায়ে হেঁটে এবং ট্র্যাক্টর করে দিল্লি পৌঢছন ৩০ হাজার কৃষক । তাদের দিল্লি- গাজিয়াবাদ সীমান্তে আটকে দেয় পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news