নীল রায়
এপ্রিলের প্রথম সপ্তাহে মোদী-শাহ জুটির জোড়া সভার কথা কানে উঠতেই নিজের প্রচার সূচীতে আমূল পরিবর্তন এনে ২ এপ্রিল থেকে ভোটের প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিকঠাক চললে আগামী ২ এপ্রিল কোচবিহার থেকে প্রচার শুরু করবেন তিনি। সেখানে জোড়া কর্মসূচি রয়েছে তাঁর। তৃণমূল সূত্রে খবর, মমতা একটি সভা করবেন দিনহাটা বিধানসভা এলাকায়। আরও একটি সভা স্থল ঠিক করতে বলা হয়েছে কোচবিহার জেলার নেতৃত্বকে। ২-৪ এপ্রিলের মধ্যে কোচবিহার ও আলিপুরদয়ারে মোট চারটি সভা করবেন তিনি। কারন, ৩ এপ্রিল শিলিগুড়িতে প্রচারসভা করবেন মোদী। তাছাড়া, এবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল। বস্তুত, দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে সাংগঠনিক প্রভাব বাড়িয়েছে বিজেপি। সঙ্গে এই দুই আসনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মুন্সিয়ানা দেখিয়েছে গেরুয়া শিবির। কোচবিহারে বিজেপি প্রার্থী করেছে, তৃণমূল থেকে বহিষ্কৃত যুবনেতা নিশীথ প্রামাণিককে। যিনি গত পঞ্চায়েত ভোটে তৃণমূলের ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে প্রায় ৩০০ নির্দল প্রার্থী দিয়ে জিতিয়ে এনেছিলেন। সেখানে কোচবিহারে তৃণমূল প্রার্থী করা হয়েছে সদ্য ফরওয়াড ব্লক ত্যাগী প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীকে। যিনি ২০১৬ বিধানসভা ভোটে পরাজয়ের আগে অবধি ফব-র মেখলীগঞ্জের বিধায়ক ছিলেন। তাই তৃণমূলের প্রার্থী নিয়ে খুশী না দলের নিচুতলার কর্মীরা। এমতাবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া সভা করে সেই ক্ষত পূরণ করতে চান। আর আলিপরদুয়ারে বিজেপি প্রার্থী জন বারলা। যিনি ওই এলাকার আদিবাসী সম্প্রদায়ের নেতাও বটে। তাই দুটি ক্ষেত্রে চারটি জনসভা করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ৩ এপ্রিল ব্রিগেড ও শিলিগুড়িতে নরেন্দ্র মোদীর জোড়া জনসভার পর বাংলার ভোটের কি চেহারা নেবে সেদিকেই তাকিয়ে বাংলার রাজনৈতিক মহলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ও। সাত দফার ভোটে রাজ্যে অন্তত ১০ দিন সভা করবেন প্রধানমন্ত্রী, এমনটাই খবর রাজ্য বিজেপি সূত্রে। তাই সেই প্রচারাভিযানের দিকে নজর রেখেই ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news