পার্থসারথি পাণ্ডা : 
‘চাঁপা কলা চাই বাবু, চাঁপা কলা?’—বৈঠকখানা বাজারের গলিতে বছর কুড়ির একটি ছেলে মাথায় ঝাঁকাভরা চাঁপা কলা নিয়ে ফেরি করার জন্য হাঁক দিল। তার সেই হাঁকডাকে একদিকে যেমন আছে ওড়িয়া টান, অন্যদিকে তেমনি তা ছুঁয়ে যাচ্ছে সপ্তসুরের গান্ধার থেকে নিষাদ। অপূর্ব মিষ্টি কণ্ঠ। এই কণ্ঠ কানে গেল কলকাতার বাবু বিশ্বনাথ মতিলালের। বউবাজারের বাবু রাধামোহন সরকারের তিনি ইয়ারদোস্ত, দুই ইয়ারে তখন তাঁদের বৈঠকখানা বাজারের বৈঠকে আড্ডা দিচ্ছিলেন। চাকরবাকরদের বললেন, ‘এই কে আসছি! যা, ছোঁড়াটাকে এক্ষুনি ডেকে নিয়ে আয় তো!’
গলির মোড় থেকে ছোঁড়াকে ডেকে আনা হল। জানা গেল, জাজপুরে বাড়ি। গরীবের ছেলে, কলা বেচে পেট চলে। নাম, গোপাল। গানটান বাপের জন্মে শেখেনি। রাধামোহন অার মতিলাল অবাক। ‘বল কি, তোমার গলায় যে রেওয়াজি সুর…তুমি তো তাহলে মা সরস্বতীর সাক্ষাৎ বরপুত্র হে!’ এদিন থেকেই গোপালের কলা বেচা বন্ধ হল। রাধামোহন কলকাতার প্রথম যাত্রার দল তৈরি করেছেন, হবে ‘বিদ্যাসুন্দর’ পালা। গোপালকে গান গাইতে হবে, মাসে দশ টাকা মাইনে। মাস্টারমশাই এলেন, গান শেখালেন। এই পালার গান গেয়েই গোপাল, ‘গোপাল উড়ে’ নামে খুবই বিখ্যাত হয়ে গেলেন কলকাতার রসিক মহল ও সাধারণ শ্রোতাদের কাছে। ঘটনাটা ১৮৩১ সালের, একজন সাধারণ মানুষ হয়েও প্রতিভার জোরে রাতারাতি গোপাল উড়ে সেলিব্রিটি হয়ে গিয়েছিলেন। মাত্র চল্লিশ বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন, কিন্তু মৃত্যুর পরও তামাম কলকাতার রসিক মানুষের মনে তিনি দীর্ঘকাল বেঁচে ছিলেন। এখনও অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে বেঁচে আছেন বাংলার সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের পাতায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news