চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ ১০ টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীদের তিনটি লক্ষ্য বেঁধে দেন প্রধানমন্ত্রী। এক, মৃত্যুর হার ১ শতাংশের নীচে আনতে হবে। দুই, সুস্থতার হার বাড়াতে হবে। তিন, পজিটিভ রোগীকে ৭২ ঘন্টার মধ্যে চিহ্নিত করতে হবে।
এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, “এই ১০টি রাজ্যে করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা সবথেকে বেশি। ভারতে মোট আক্রান্তের ৮০ শতাংশ এবং মৃত্যুর ৮৫ শতাংশ রয়েছে এই ১০টি রাজ্যে। তাই এই ১০টি রাজ্যকে একসঙ্গে মিলে লড়াই করতে হবে। তবেই করোনা বিরুদ্ধে মোকাবিলা করা সম্ভব।” পাশাপাশি এদিনের বৈঠকে করোনা মোকাবিলায় সবরকম সাহায্য করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে মুখ্যমন্ত্রীদের কাছে টেস্টের সংখ্যা বাড়ানো আর্জি জানান। তিনি বলেন, কারোনা বিরুদ্ধে লড়াই করতে গেলে টেস্টের সংখ্যা বাড়াতে হবে।
বিহার, গুজরাত, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানা এই ৫টি রাজ্যে টেস্টের সংখ্যা কম হয়েছে বলেও এদিন উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “যেসব রাজ্যে টেস্টের সংখ্যা কম, সেখানে টেস্টের সংখ্যা বাড়াতে হবে। আমরা যদি ৭২ ঘন্টার মধ্যে রোগটিকে ধরে নিই, তবে কাজ অনেক সহজ হয়ে যাবে। আক্রান্ত রোগীর সংস্পর্শে যাঁরা এসেছে তাঁদের সবার ৭২ ঘন্টার মধ্যে টেস্ট করাতে হবে। এখন প্রতিদিন টেস্টের সংখ্যা ৭ লক্ষে পৌঁছেছে। সেই সংখ্যা আরও বাড়ানো হবে।”
ভারতে করোনা মৃত্যুর হার অন্য দেশের তুলনায় কম বলে উল্লেখ করেন মোদী। এ প্রসঙ্গে তিনি বলেন, “অন্য দেশের তুলনায় ভারতে করোনা মৃত্যুর হার অনেক কম। আমাদের মৃত্যুর হার আরও কমাতে হবে। আমাদের লক্ষ্য মৃত্যুর হার ১ শতাংশের নীচে নিয়ে যেতে হবে। আর তার জন্য এই ১০টি রাজ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” দেশে করোনা সক্রিয়ের সংখ্যা ৬ লক্ষের বেশি রয়েছে। তার মধ্যে ১০টি রাজ্যে সক্রিয়ের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে বলে জানান মোদী। পাশাপাশি প্রতিটি রাজ্য যেভাবে করোনা মোকাবিলার চেষ্টা করছে এদিন তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, আজ মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, বিহার ও গুজরাত এই ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী মোদী। বর্তমানে দেশে এই রাজ্যগুলিতে করোনা সংক্রমণের হার সবথেকে বেশি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news