চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
করোনা সংক্রমণের জেরে অত্যাবশ্যকীয় কিছু ছাড় দিয়ে লকডাউন চলছে ব্রিটেনে। তারই মধ্যে রাস্তায় জমায়েত করে পার্টি করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত হল লন্ডন। বৃহস্পতিবার দক্ষিণ লন্ডনের ব্রিকসটোনের লামবেথ এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই রাস্তার মধ্যে একটি মিউজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে প্রচুর কৃষাঙ্গ মানুষের জমায়েত হয়। এই জমায়েতকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে কৃষাঙ্গদের।
পুলিশ সূত্রে খবর, করোনা সংক্রমণের জন্য নাগরিকদের স্বাস্থ্যের নিরাপত্তার কথা ভেবে কোনও জমায়েত করার অনুমতি দেওয়া হচ্ছে না। তারপরও একদল মানুষ উচ্স্বরে লাউডস্পিকার বাজিয়ে রাস্তার মধ্যে পার্টি করছিলেন। আশেপাশের বাড়ি থেকে এ নিয়ে একাধিক অভিযোগ আসে। ঘটনাস্থলে পুলিশ কর্মীরা গিয়ে পার্টি বন্ধের নির্দেশ দিলে, পুলিশ কর্মীদের ওপর চড়াও হন ওই পার্টির জমায়েতকারীরা। এই ঘটনায় ২২ জন পুলিশকর্মী আহত হয়েছেন। কিছু পুলিশের গাড়িও ভেঙে দেয় কৃষাঙ্গরা।
এ প্রসঙ্গে পুলিশ কমান্ডার কলিন উইংগ্রোভ বলেন, “কোভিড-১৯ পরিস্থিতির জন্য আমরা মানুষের স্বাস্থ্যের কথা ভেবে ওই পার্টির জমায়েত বন্ধের নির্দেশ দিতে গিয়েছিলাম। কারণ ওই আইন বিরোধী জমায়েত থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। কিন্তু জমায়েতকারীরা যেভাবে পুলিশ কর্মীদের ওপর চড়াও হয়েছে, তা অপ্রত্যাশিত ছিল। এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের কোনওভাবেই রেয়াত করা হবে না।” তবে এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জন কৃষাঙ্গকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনার নিন্দা প্রকাশ করেছেন ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল। তিনি এক টুইট বার্তায় বলেন, “গত সপ্তাহের শেষে কৃষাঙ্গ নাগরিকদের সুরক্ষার জন্য দেশের পুলিশদের প্রশংসা করা হয়েছিল। এখন এই ঘটনা খুবই নিন্দাজনক। আমি কমিশনারের সঙ্গে অবিলম্বে দেখা করতে যাব।” কোভিড-১৯ পরিস্থিতির মধ্যে এই ধরণের জমায়েত অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেন লন্ডনের মেয়র সাদিক খান। তিনি টুইট করে বলেন, “ব্রিক্সটনের রাতের ঘটনা খুবই অপ্রত্যাশিত। পুলিশ কর্মীদের ওপর হামলা বরদাস্ত করা হবে না।”
উল্লেখ্য, ২৫ জুন রাতে পার্টির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যেখানে দেখা যাচ্ছে ওই পার্টির কৃষাঙ্গরা পুলিশ কর্মীদের লক্ষ্য করে বোতল ছুঁড়ছে। কিছু কৃষাঙ্গ যুবক ছুরি নিয়ে চড়াও হয়েছে পুলিশ কর্মীদের ওপর। তবে এই ঘটনায় কিছু কৃষাঙ্গেরও রক্তপাত হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news