Breaking News
Home / TRENDING / একেই বলে রহস্য

একেই বলে রহস্য

গৌতম বন্দ্যোপাধ্যায়:

মহাজোট একেই বলে আবার নরক গুলজারও বলা যেতে পারে।

ভাইপো কী করছেন কাকা জানেন না। কাকা একলা কেন কৃষক সমস্যা নিয়ে কথা বলতে দিল্লি উড়ে যাচ্ছেন, তা অন্যরা জানেন না।

ভাইপো জনা তেরোকে বগলদাবা করে রাজ্যপালের সামনে খাড়া করছেন। সরকার গড়া হয়ে যাচ্ছে। আবার  ভাইপোর হাত থেকে ছাড়া পেতেই খান তিনেক ফের কাকার কাছে সামিল হচ্ছেন। তাঁরা জানতেনই না তাঁদের কী জন্য রাজ্যপালের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। পরতে পরতে রহস্যের ভাঁজ। রহস্যের অপর অর্থ অবশ্য রসিকতাও।

চব্বিশ ঘণ্টা আগে শুতে যাওয়ার আগে সকলে জেনে ফেলেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের সৌজন্যে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের নেতৃত্বে সরকার গড়তে চলেছে শিবসেনা। সরকারের প্রধান খুঁটি হয়ে দাঁড়াচ্ছে এনসিপি এবং কংগ্রেস। কালনেমির লঙ্কাভাগ পর্ব সমাপ্ত করে তিন শরিক অঙ্ক মিলিয়ে ফেলেছেন শুক্রবার। শনিবার বারবেলা পড়ার আগেই সে অঙ্কে ঢ্যাঁড়া বসিয়ে দিয়েছেন রাজ্যপাল।

ভাইপো বললেন, মহারাষ্ট্রের বিপদ দেখে তিনি আর থাকতে পারছেন না, বলেই বিজেপির সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত। অন্যদিকে দুষ্টজনে বলতে শুরু করলেন, ইডির তাড়নায় ভাইপোর এই ভোলবদল। এত জটিল অঙ্ক ভারতীয় রাজনীতি বহুদিন দেখেনি। আপাতত জটিলতা খানিকটা থেমেছে। রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি জটিল অঙ্ক কষে ফেলায় বিজেপি এবং অজিত পাওয়ারের এনসিপি গোষ্ঠীকে দশে দশ দিয়েছেন। তবে এই উত্তর শেষ পর্যন্ত টিকবে কিনা তা এখনই বলা যাচ্ছে না, কারণ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা জাতীয় কিছু কঠিন পরীক্ষা এখনও বাকি। এতদসত্ত্বেও একটা কথা পরিষ্কার, কংগ্রেস, এনসিপি এবং শিব সেনার ত্র‌্যহস্পর্শেও মোদি-অমিত শাহ জুটির কোনও ক্ষতি করতে পারেনি, বরং আরও একবার প্রমাণ হয়েছে, বিরোধীরা মাঠ সাজানোর আগেই বিজেপি মাঠের বাইরে বল পাঠিয়ে দিতে পারে। অতএব যদি খেলাতেই হয় তবে টেস্ট ক্রিকেট নয় টি ২০ খেলতে হবে বিরোধীদের।

আর কিছু করুক আর না করুক, মারাঠা রাজনীতি এবার কয়েকটি গুরুতর ভাবনা উস্কে দিয়ে গেল।

বোঝা গেল এখন থেকে রাজনীতি নীতি বিবর্জিত বলে বিবেচিত হবে। মারি-অরি-পারি-যে-কৌশলে নীতিই এখন থেকে দেশের প্রধান রাজনীতি বলে মান্যতা পাবে। নির্বাচনের আগে যাঁরা বিজেপিকে ভোট দিয়েছেন আর যাঁর এনসিপিকে ভোট দিয়েছেন তাঁদের ভাবার সময় এল তাঁরা কাদের ভোট দিয়ে জেতালেন এবং কেন ভোট দিলেন। কংগ্রেসকে ভাবতে হবে প্রবল হিন্দুবাদী রাজনৈতিক দল শিবসেনাকে সমর্থন করে সরকার গঠনের পথেই যদি হাঁটতে হয় তাহলে বিজেপি কে কাঠগড়ায় তোলার অধিকার খানিকটা হলেও খর্ব হল কিনা। আর বিজেপি? এভাবে যেন তেন প্রকারেণ সরকার সরকার গড়ার খেলায় তারা আপাতত জিতলেও দীর্ঘস্থায়ী সুফল কিসে মিলবে, সে কথা ভাবার সময় তাদের এসে গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *