Breaking News
Home / TRENDING / একই অঙ্গে করালী ও কল্যাণময়ী মা কালী

একই অঙ্গে করালী ও কল্যাণময়ী মা কালী

পার্থসারথি পাণ্ডা :

নদীয়ার পণ্ডিত কৃষ্ণানন্দ আগমবাগীশ পনেরো শতকে দেবী কালিকাকে ধ্যানে পেলেন কেবলই নিরাকার ব্রহ্মরূপে, ধ্যানে তাঁকে মূর্তি রূপে কিছুতেই ধরা দিলেন না মা। অথচ আগমবাগীশ চান মায়ের মূর্তি গড়ে পুজো করতে। তন্ত্রে বা পুরাণে মায়ের নানান রূপের কথা আছে, কিন্তু কোন আদলে কার আদলে মাকে গড়বেন তিনি? সেই সাক্ষাৎরূপের কথা তো কোথাও নেই! শুধু আছে জগত্তারিণীর শক্তিরূপের অনুভব। তবে? মাকে জানালেন তাঁর আকুলতার কথা, আর্তির কথা। তখন মা স্বপ্নে তাঁকে আদেশ দিলেন যে, পরদিন খুব সকালে যে নারীকে তিনি প্রথম দেখবেন, মা আসলে তারই মতো। মায়ের আদেশমতো, খুব সকালে উঠে এক অন্ত্যজ নারীর দেখা পেলেন তিনি। সেই নারী তখন দেওয়ালে ঘুঁটে দিচ্ছিলেন। এক পায়ে দাঁড়িয়ে, অন্য পা ভাঁজ করে দেওয়ালের দিকে তোলা। এক হাতে গোবরের তাল, আর এক হাত দেওয়ালের গায়ে ঘুঁটে দেওয়ার কাজে ব্যস্ত। কাজের ব্যস্ততার অবসরে কখন যেন ঘোমটা খসে গেছে, মাথাভরা আলুলায়িত কোঁকড়ানো চুল ছড়িয়ে পড়েছে পিঠময়। দেহ তাঁর ঘোর কৃষ্ণ। আগমবাগীশ মাতৃময়ী সেই নারীকে দেখে দাঁড়িয়ে পড়লেন। এই তবে মা! তাঁর প্রাণের ঠাকুরাণী কালী, তারা, শ্যামা! চোখের সামনে চেতনাময়ীরূপে আবির্ভূতা! আগমবাগীশ যেন বাহ্যজ্ঞানশূন্য হয়ে দাঁড়িয়েই থাকেন, চোখভরে দেখে নিতে থাকেন সাক্ষাৎ জগজ্জননীকে।

হঠাৎই সেই নারীর চোখ পড়ে আগমবাগীশের ওপর। তাঁকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আর নিজের অসংবৃত অবস্থার কথা ভেবে তাঁর ভারি লজ্জা হয়, সেই লজ্জায় তিনি জিভ কাটেন। আর তক্ষুনি আগমবাগীশ যেন পেয়ে গেলেন মায়ের পরিপূর্ণ রূপ। একই অঙ্গে একদিকে তিনি তন্ত্রোক্ত লয়কারিণী কালরূপিনী করালী, হাতে খড়্গ, অসি, মুণ্ড ধারিণী, অন্যদিকে বঙ্গসংসারের লজ্জাশীলা জননী, বরাভয়দাত্রী পালনকারিনী ধাত্রী। একসঙ্গে এমন বিপরীত ভাবের, এমন বিপরীতরূপের সমাবেশ আর কোন দেবীর রূপকল্পনাতেই নেই। সেখানে কালিকা একা ও অনন্যা। এই ভাবনা থেকেই এই রূপসজ্জাতেই আগমবাগীশ গড়ে তুললেন মৃন্ময়ী মাকে।

আগমবাগীশের এই কিংবদন্তি বা কাহিনি থেকে এটা একেবারে স্পষ্ট যে, আপাতচোখে যাকে সাধারণ মনে হয়, সেই নারীর মধ্যেই লুকিয়ে আছে মহামায়ার পূর্ণশক্তি– মা কালী। যাকে সমাজ অন্ত্যজ বলে দূরে ঠেলে দেয়, সেই অন্ত্যজের মধ্যেও তাঁর অবস্থান। নির্মল চোখে তাঁকে চিনে নিতে হয়, অাকুতি নিয়ে তাঁকে খুঁজে নিতে হয়। যেমন করে আগমবাগীশ চিনে নিয়েছিলেন, খুঁজে পেয়েছিলেন মাকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *