ভাস্কর মান্না :
না দেখাকে দেখা, না জানাকে জানা, না চেনাকে চেনার জন্য মানুষ পাড়ি দেয় দূর দিগন্তে। তেমনই সারা বিশ্ব থেকে চিলির ইস্টার দ্বীপের ‘মোয়াই’ মূর্তি দেখতে আসেন পর্যটকেরা। ইস্টার আইল্যান্ডের উপকূল ঘেঁষে ইতিহাসকে বয়ে নিয়ে চলেছে এই মোয়াই মূর্তি। তবে কালের নিয়মে সবকিছু দীর্ঘস্থায়ী নয়, তাই হয়তো এই নিয়ম বজায় রেখেছে দাঁড়িয়ে থাকা মূর্তি গুলিও।
বহু শতাব্দী আগে আগ্নেয় দ্বীপের বাসিন্দারা পূর্বপুরুষ পলিনেশিয়ানদের স্মরণ করার জন্য তাদের প্রতিকৃতি সম্পন্ন এই মূর্তিগুলো বানিয়েছিল। এভাবে অন্তত তারা হাজারটা মূর্তি বা মোয়াই বানিয়েছিল। মোয়াই মূর্তি নামে পরিচিত এই মূর্তি গুলিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত করেছে।
রানো রারাকু জলাভূমি ঘিরে থাকা এই মূর্তিগুলি জরায় আক্রান্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, “যেন কুষ্ঠ হয়েছে ওগুলোর।” বিশেষজ্ঞদের মতে, ছত্রাক ও শৈবালের সহাবস্থানের ফলে ক্ষয়ে যাচ্ছে মূর্তির গা। তাছাড়া প্রশান্ত মহাসাগরের নোনা ঝড়ো হাওয়া, উপসাগরীয় ভূমিক্ষয়, সমুদ্রের বেড়ে চলা জলস্তর, গবাদিপশুর আনাগোনার ফলে এমনিতেই ক্ষয়ে যাচ্ছে মূর্তির আকার। ভূতত্ত্ববিদরা সতর্ক করে বলেছেন, এখনই সংরক্ষণ না করলে আগামী ১০০ বছরের মধ্যে রাপানুই এর পূর্বপুরুষদের প্রতিকৃতি শুধুই চৌকো পাথর হয়ে যাবে।
মূর্তিগুলি সংরক্ষণ করতে গেলে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন বলে অনুমান প্রত্নতাত্ত্বিকদের। সেই অর্থ জোগাড়ের জন্য আন্তর্জাতিক সাহায্য দরকার। বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে এরকম একটি মূর্তি রয়েছে। তাই তারা মূর্তি সংরক্ষণের জন্য উদ্যোগী হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news