চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
সঠিক সময়ে গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রে ১০০ শতাংশ সাফল্য অর্জন করল ভারতীয় রেল। যা ভারতীয় রেলের ইতিহাসে প্রথমবার ঘটল। পীযূষ গয়ালের নেতৃত্বে ভারতীয় রেল এর আগেও সঠিক সময়ে গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রে রেকর্ড গড়েছিল। কিন্তু তা ১০০ শতাংশ সফল হয়নি। এবারে যা হল।
রেলওয়ে সূত্রে খবর, ১ জুলাই দেশজুড়ে ২০১টি যাত্রীবাহী ট্রেন চালানো হয়েছে। এই ট্রেনগুলি নির্দিষ্ট সময়েই স্টেশন থেকে যাত্রা শুরু করেছে এবং পরবর্তী স্টেশন বা গন্তব্যেও নির্ধারিত সময়েই পৌঁছেছে। কোনও বিলম্ব হয়নি। যা ভারতীয় রেলের ইতিহাসে প্রথমবার ঘটল যে একটি ট্রেনও গন্তব্যে পৌঁছতে দেরি করেনি। এর আগে ২৩ জুন যতগুলি যাত্রীবাহী ট্রেন চলেছিল তার মধ্যে ৯৯.৫৪ শতাংশ ট্রেন সঠিক সময়ে নিজের গন্তব্যে পৌঁছে গিয়েছিল। তবে এটাকে অনেকে সাফল্য মানতে নারাজ। কারণ কোভিড-১৯ অতিমারীর জেরে লোকাল ট্রেন সহ একাধিক ট্রেন বাতিল রয়েছে। ফলে লাইন ফাঁকা থাকায় সিগন্যালিংয়ে কোনও সমস্যা হয়নি। তাই যথাসময়ে পৌঁছতে পেরেছে ট্রেনগুলি।
সাধারণ সময়ে প্রতিদিন প্রায় ১৩০০ যাত্রীবাহী এবং ৮০০০ হাজার মালবাহী ট্রেন চালায় ভারতীয় রেল। ১০০ শতাংশের রেকর্ড তখন হয়েছে যখন মাত্র ২৩০টি যাত্রীবাহী ট্রেন, ৩০০০টি মালবাহী ট্রেন ও ২২০০টি খালি ট্রেন চলছিল।
রেলওয়ের এক আধিকারিকের মতে, সাধারণত যে কারণে ট্রেন চলাচলে দেরি হয় সেগুলি পদ্ধতিগতভাবে বাদ দেওয়া হয়েছে। যেমন সিগন্যালিং পদ্ধতি, রেললাইনে কাজ, ওভারহেডে বিদ্যুতের কাজ, রেললাইনে উপরে গবাদি পশু বা হাতির চলে আসা এবং রেল অবরোধ। এগুলির একটিও ঘটেনি এই সময়ে ফলে সহজেই ১০০ শতাংশ সাফল্য পাওয়া সম্ভব হয়েছে। এ ছাড়া ১৫ মিনিট পর্যন্ত দেরিকে, দেরি বলে ধরা হয় না। সেটাকে নির্ধারিত সময় হিসেবেই ধরা হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news