ওয়েব ডেস্ক
পাকিস্তানে আটক ভারতীয় বায়ুসেনার পাইলটকে অবিলম্বে সুস্থ অবস্থায় ফেরত দিতে হবে। বুধবার সন্ধ্যায় এরকমই কড়া বার্তা দিল ভারতীয় বিদেশ মন্ত্রক। এদিন পাকিস্তান দূতাবাসের আধিকারিককে তলব করে ভারতীয় বিদেশ মন্ত্রক। তাঁকে কড়া ভাষায় বার্তা দেওয়া হয়, অবিলম্বে সুস্থ অবস্থায় আটক ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারকে ফেরত দিতে হবে। ভারতের তরফে পাকিস্তানে জৈশ-এ-মহম্মদের জঙ্গি ঘাঁটি ধ্বংসের জবাবে পাক সেনার ভারতীয় সেনাঘাঁটিতে বিমান হামলার কড়া নিন্দা করে ভারত।
এদিকে পাকিস্তান সেনা সন্ধ্যেবেলায় জানিয়ে দেয় তাদের কব্জায় রয়েছেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। তবে কিছুক্ষনের মধ্যেই পাক মিডিয়ায় আটক অভিনন্দনের আহত অবস্থার ভিডিও ভাইরাল হয়। ভারতের তরফে কড়া ভাষায় এই ভিডিওর নিন্দা করে পাকিস্তানকে জানানো হয়, তারা যা করছে সেটা জেনেভা কনভেনশনের নিয়ম বিরুদ্ধ। প্রথমত, দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে না। ফলে অভিনন্দন যুদ্ধবন্দি নন। তাই তাকে অবিলম্বে ভারতে ফেরত পাঠাতে হবে। এই বার্তার পর ইন্টারনেট থেকে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়। পরে আরও একটি ভিডিও আপলোড করে পাকিস্তান । সেখানে অভিনন্দন চা খাচ্ছেন এবং পাক সেনার আতিথেয়তার প্রসংশা করছেন। এই ভিডিওকে পাকিস্তানের পিআর স্ট্র্যাটেজি বলেই মনে করা হচ্ছে।
ভারতের তরফে এই ভিডিওগুলির নিন্দা করে বলা হয় আটক উইং কমান্ডারের ভিডিও আন্তর্জাতিক মানবাধিকার আইনের বিরুদ্ধে।
পাকিস্তানে আটক উইং কমান্ডার অভিনন্দনকে ফেরত দিতে পাকিস্তানের ওপর চাপ বাড়াতে গতকাল রাতেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তিন সেনার প্রধান ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তার সঙ্গে নিজের বাসভবনে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news