নিজস্ব সংবাদদাতা
তিন দিনের সফরে পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সোমবার বিকালের বিমানে বাগডোগরা হয়ে তাঁর দার্জিলিঙে পৌঁছনোর কথা। তিনি রাত্রিবাস করবেন রীচমণ্ড হিল এ। প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসনিক মূল্যায়ন বৈঠক করবেন তিনি। কেন্দ্র ও রাজ্য সরকার প্রদেয় টাকা কিভাবে জিটিএ খরচ করছে,কোন কোন খাতে কত টাকা খরচ হয় বা কোন প্রকল্পের কাজ কতটা হয়েছে, এই সব বিষয়ে খোঁজ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এর আগে দার্জিলিং জেলার প্রশাসনিক বৈঠকে এসব খরচের হিসেব নেওয়া হয়েছিল, তবে এই প্রথম শুধুমাত্র জিটিএ-র আর্থিক খরচের হিসাব নেওয়া হবে। বুুধবার দার্জিলিংয়ের চৌরাস্তায় ম্যালে; জিটিএ ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শিক্ষক দিবস পালন করবেন। সূত্রের খবর, নেপালি ভাষায় পারদর্শীতার জন্য এই মঞ্চ থেকে কয়েকজন শিক্ষককে ‘শিক্ষাশ্রী’ পুরস্কার তুলে দেওয়া হবে। পাশাপাশি জিটিএ-র বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিকেলে তাঁর বাগডোগরা হয়ে কলকাতায় ফেরার কথা। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এবারের দার্জিলিং সফরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কাজের বাইরে দলের পক্ষ থেকে তাঁর কিছু রাজনৈতিক কর্মসূচি রয়েছে। ২০১৯ এর লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে নাকি মোর্চাকে সমর্থন করবে এ বিষয়ে পাহাড়ের বৃহত্তম দল মোর্চার সঙ্গে নিজেদের রাজনৈতিক সম্পর্ক ঝালিয়ে নিতে চাইবেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর মোর্চা নেতা বিনয় তামাং চাইছে ২০১৯ এ দার্জিলিং কেন্দ্রে কোনও মোর্চা প্রার্থীকে তৃণমূল কংগ্রেস সমর্থন করুক, উল্টোদিকে ৪২ এ ৪২ করার লক্ষ্যে তৃণমূলও চাইছে ২০১৯ এ মোর্চা তাদের সমর্থন করুক। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোর্চা নেতা বিনয়ের যা সম্পর্ক তাতে দ্বিতীয় সম্ভাবনাটি বাস্তব রূপ নিতে পারে, তবে সে ক্ষেত্রে মোর্চা নেতাকে যে তার পাহাড়ের মানুষের ভাবাবেগের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নিতে হবে তা এক প্রকার বলাই যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news