নিজস্ব প্রতিবেদন:
মোদী সরকারের বিরুদ্ধে আজ দিল্লির রামলীলা ময়দানে জনসভা করছে কংগ্রেস। এই সভায় দেশের বিভিন্ন অঞ্চলের কংগ্রেস নেতারা উপস্থিত থাকবেন। জানা গিয়েছে, সভার মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাহুল গাঁধী। দেশের আর্থিক সমস্যা, বেকারত্ব বৃদ্ধি, কৃষকদের সমস্যা সহ একাধিক বিষয়ে মোদী সরকারের বিরুদ্ধে এই সভা।
কংগ্রেস সূত্রে খবর, এই জনসভায় কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সনিয়া গাঁধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী সহ দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন। এই জনসভায় কংগ্রেসের স্লোগান হল ‘মোদী হ্যা তো মন্দী হ্যা’। তবে এই জনসভার মূল উদ্দেশ্য পুনরায় রাহুলের ইমেজকে তুলে ধরা। লোকসভা নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দেন রাহুল গাঁধী। অন্তর্বর্তী সভাপতি হিসেবে সনিয়া দলের ভার কিছুদিনের জন্য নিয়েছেন। সামনেই আবার নতুন সভাপতির নাম ঘোষণা করবে কংগ্রেস। তাই এই জনসভা থেকে পুনরায় আবার রাহুলকেই সভাপতি পদে যোগ্য হিসেবে তুলে ধরবে কংগ্রেস নেতৃত্ব।
সনিয়া গাঁধী অন্তর্বর্তী সভাপতি হওয়ার পর, এই প্রথম এত বড় জনসভার আয়োজন করল কংগ্রেস। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এক কংগ্রেস নেতা বলেন, এই সমাবেশ থেকে রাহুলের জনপ্রিয়তা ফুটিয়ে তুলবে কংগ্রেস। যুব কংগ্রেস কর্মীরা রাহুলের মাস্ক পরে সভায় আসবেন। ইতিমধ্যে পুরো রামলীলা চত্বর জুড়ে কংগ্রেসের ব্যানার, ফেস্টুন লাগানো হয়েছে। ওই ব্যানারগুলির মধ্যে বেশিরভাগ ছবি রয়েছে রাহুল গাঁধীর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news