প্রসেনজিৎ মাহাতো:
বৃহস্পতিবার আবারও শহরের রং হতে চলেছে লাল–হলুদ। ইস্টবেঙ্গল সমর্থকদের স্বপ্নের অনুষ্ঠান। শতবর্ষ উদযাপন। যা ঘিরে শহরের ইস্টবেঙ্গল সমর্থকদের উত্তেজনার পারদ চড়ছে। বিকেল পাঁচটা থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান শুরু হবে। সকাল থেকেই শহরের নানা জায়গায় তাঁদের প্রিয় ক্লাবের শতবর্ষ সেলিব্রেট করছেন সমর্থকেরা। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জোড়াবাগান। ইস্টবেঙ্গলের ইতিহাসে এর আগে এত বড় ইভেন্ট আগে হয়নি।
এদিন দুপুর তিনটে থেকে খুলে যাবে নেতাজি ইন্ডোরের প্রবেশদ্বার। বাইরে থাকছে ছ’টা বড় পর্দা। মঞ্চে তারকার মেলা বললে কম বলা হবে। এদিনের অনুষ্ঠানে সৌমিত্র চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়দের মতো কৃতী বাঙালীদের সংবর্ধিত করা হবে জানানো হয়েছে। থাকবেন বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী থেকে একঝাঁক তারকা। ভাস্কর গাঙ্গুলি ও মনোরঞ্জন ভট্টাচার্যকে জীবনকৃতি দেওয়া হতে চলেছে। ইতিমধ্যেই শহরে পৌঁছে গিয়েছেন কিংবদন্তি কপিলদেব। যিনি ভারত গৌরব সম্মানে সম্মানিত হবেন। সব মিলিয়ে শহরের ইস্টবেঙ্গল সমর্থকদের আর তর সইছে না। স্বপ্নের অনুষ্ঠানে নিজেদের শামিল করতে তাঁরা প্রস্তুত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news