ওয়েব ডেস্ক:
ভোটের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কোটি টাকা উদ্ধার। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার বহুড়ুঘাটে একটি এসইউভি গাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়। এই ঘটনায় আটক করা হয় এক বিজেপি নেতাকে। ধৃতের নাম মিন্টু হালদার। পুলিশ সূত্রে খবর, তাঁদের কাছে থেকে উদ্ধার হয় ২৪ লাখ ১২ হাজার টাকা। এই ঘটনায় মিন্টু ছাড়াও গ্রেফতার হন গাড়ির চালক কৌশিক মন্ডল, সরস্বতী হালদার ও নমিতা সরদার।
জানা গিয়েছে মিন্টু বারুইপুর মণ্ডলের সাধারণ সম্পাদক। বাড়ি বকুলতলার পদুয়ায়। শুক্রবার তাঁদের বারুইপুর আদালতে তোলা হবে। বারুইপুর, বকুলতলা ও জয়নাগর থানার যৌথ অভিযানে ওই টাকা উদ্ধার হয় বৃহস্পতিবার।
এদিকে এই টাকার সঙ্গে দলের সম্পর্ক নেই বলে জানিয়েছেন জেলা বিজেপি সভাপতি সুনীপ দাস। তিনি বলেন, মিন্টু হালদার একজন ব্যবসায়ী। তাঁর কাছে টাকা থাকতেই পারে। ওর বিড়ি ও কেবল ব্যবসা রয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সল্টলেকের এফই ব্লকের একটি কমিউনিটি হল থেকে ৪০ লাখ টাকা উদ্ধার হয়। এদিনই দুর্গাপুর স্টেশন থেকে এক ব্যক্তির কাছ থেকে ৭০ লাখ টাকা উদ্ধার করে জিআরপি। আটক করা হয় সুরেশ প্রসাদ বর্মনকে। তার বাড়ি বারাণসীতে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news