নিজস্ব সংবাদদাতা:
তৃতীয় দফা ভোটে রাজ্যের ৫ কেন্দ্রে একদিকে যেমন ভোটারদের উৎসাহী লাইন দেখা যাচ্ছে বুথের সামনে, অন্য দিকে তেমনি বিক্ষিপ্ত অশান্তি লেগেই আছে। ভোটের দিনেও গোষ্ঠীদ্বন্দ্ব জড়ালো তৃণমূল। ভোটারকে বুথে নিয়ে যাওয়া নিয়ে কালিয়াচকে গোষ্ঠীদ্বন্দ্ব বাধে শাসক দলের দুই পক্ষে। কালিয়াচক ৩ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের গোপালনগরে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, সংঘর্ষে জখম হয়েছেন এক মহিলা-সহ ৩ জন।
অন্যদিকে মুর্শিদাবাদের টিকটিকিপাড়া গ্রামে তৃণমূল সমর্থককে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তির কংগ্রেস সমর্থকদের দিকে। গরম হাওয়া বইছে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতেও। সেখানে ভোট গ্রহণকে কেন্দ্র করে দু’দলের মধ্যে সংঘর্ষ বাধে। ভোট দিতে গেলে লাইন থেকে বের করে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে তৃণমূল। জানা গিয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী।
আরেকটি ঘটনায় অভিযোগ পেয়ে উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের রতুয়ার বাহারালে ৭৯ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল কমিশন। বিজেপি, কংগ্রেসের অভিযোগ ছিল ছাপ্পা ভোটে সাহায্য করছিলেন এই অফিসার । অন্যদিকে গুলি চলার খবর মিলল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। এজেন্টদের ভয় দেখানোর জন্য শূন্যে গুলি চালানোর অভিযোগ ওঠে এখানে। কংগ্রেস ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। যদিও গুলি চালানোর ঘটনা স্বীকার করেনি পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news