চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ বৃহস্পতিবার তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করছে ইডি । কয়লাপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তাঁকে। আজ হাজিরা দিলে দু’বার ইডি-র মুখোমুখি হবেন তিনি। প্রথমে তাঁকে দিল্লিতে তলব করা হলেও আদালতে মামলা জেতেন অভিষেকপত্নী। ফলত, তাঁকে কলকাতার ইডি দফতরেই জিজ্ঞাসাবাদ করার নির্দেশ রয়েছে আদালতের। ইডি সূত্রে খবর, রুজিরাকে এদিন তাঁর বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন করা হতে পারে। কী কারণে রুজিরা বিদেশে যাচ্ছিলেন, কোথায় যাচ্ছিলেন, এমনকী বিদেশে তিনি যে যাবেন তা কি ইডি দফতরে জানিয়েছিলেন কি না এই সংক্রান্ত চাঁচাছোলা প্রশ্ন করতে পারেন গোয়েন্দারা। শুধু তাই নয়, রুজিরার বিদেশ যাত্রার বিষয়ে আদালতের ঠিক কী নির্দেশ রয়েছে তাও জানতে চাইতে পারেন গোয়েন্দারা। প্রসঙ্গত, গত ৫ জুন দুবাই যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে বাধা দেওয়ার অভিযোগ ওঠে অভিবাসন দফতরের বিরুদ্ধে। রুজিরা অভিবাসন দফতরের কর্তাদের প্রশ্ন করেন কেন তাঁকে আটকানো হল? এরপর দু’পক্ষর মধ্যে চলে কথাবার্তা। শেষে বিমানবন্দর থেকে বেরিয়ে যান তিনি। এরপর কয়েক ঘণ্টা পেরোতেই রুজিরাকে তলব করা হয়। এর আগে কয়লা পাচারের একটি মামলায় রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছিল। রুজিরার বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়।তবে সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অভিষেকের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, সেই মামলায় সুপ্রিম কোর্ট অভিষেক এবং রুজিরাকে রক্ষাকবচ দিয়ে জানিয়েছিল, তাঁদের বিদেশযাত্রার ক্ষেত্রে কোনও বাধা নেই।কিন্তু তারপরও বিমানবন্দরে আটকানো হয়েছে রুজিরাকে। সূত্রের খবর,এক্ষেত্রে মানহানির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও জানা যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news