নীল রায়।
সব্যসাচী দত্তর বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নিচ্ছে না তৃণমূল। সোমবার তাঁর উদ্যোগে আয়োজিত গণেশ পুজোর উদ্বোধনে হাজির হয়েছিলেন বিজেপির শীর্ষ নেতা অরবিন্দ মেনন, বিজেপি নেতা মুকুল রায়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত এখনও তৃণমূলের বিধায়ক। তা সত্ত্বেও দলকে কিছু না জানিয়ে একের পর এক দলবিরোধী কাজ করা চলেছেন তিনি। কিন্তু, তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার সাহস দেখাতে পারল না তৃণমূল নেতৃত্ব। সব্যসাচী দত্ত সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “ওকে আমার পাত্তা দিচ্ছি না।”
প্রসঙ্গত, বিধাননগরের মেয়র পদে থাকাকালীন লোকসভা ভোটের সময় বিজেপি নেতা মুকুল রায়কে বাড়িতে লুচি আলুর দম খাইয়ে বিতর্ক তৈরি করেছিলেন সব্যসাচী। সেবার সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হলেও, ভোট পরবর্তী সময় তৃণমূলের ফলাফল খারাপ হলে আবারও দলবিরোধী মন্তব্য করেন রাজারহাট নিউটাউনের বিধায়ক। আবারও শুরু হয় তৃণমূল- সব্যসাচী দ্বন্দ্ব। অবশেষে বিধাননগরের মেয়র পদ থেকে ইস্তফা দিতে বলা হয় তাঁকে। প্রথমে পদত্যাগ করতে অস্বীকার করলেও, পরে নিজেই মেয়র পদ ছেড়ে দেন। বর্তমানে তৃণমূল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন সব্যসাচী। গণেশ পুজোর উদ্বোধনে বিজেপি নেতাদের এনে কার্যত রাজনৈতিক চাপের খেলা শুরু করে দিলেন তিনি। রাজনৈতিক মহলের মতে, সব্যসাচী দত্তর বিজেপিতে যোগদান এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা।
সূত্রের খবর, সব্যসাচী দত্তের উদ্যোগে বিধাননগরে একটি কালীপুজোর আয়োজন হয়। সেখানেই কেন্দ্রীয় সরকারের কোনও প্রথমসারির মন্ত্রীকে এনে উদ্বোধন করানোর চেষ্টা করছেন সব্যসাচী দত্ত। এই কাজে তাঁকে সাহায্য করছেন মুকুল রায়, তেমনটাই সূত্রের খবর। বিষয়টি কানে এসেছে তৃণমূল নেতৃত্বের। তা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি তৃণমূল শিবির থেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news