নীল রায়:
শেষ কয়েকটা নির্বাচনে এমনটা হয়নি। গত কয়েকটি নির্বাচনের রুটিন পাল্টে লোকসভা ভোটের দুপুর পর্যন্ত নিস্তব্ধ কালীঘাট। থুড়ি ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন। গতবছর একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য ৪২-এ ৪২ টি আসনে জয়ের নির্দেশ দিয়েছিলেন কর্মীদের উদ্দেশ্যে। কিন্তু লোকসভা ভোটের গণনা শুরু হতেই প্রমাদ গুনতে শুরু করেছে জোড়াফুল বাহিনী।
এদিন সকাল সকাল নেত্রীর বাড়িতে এসেছিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। কিন্তু তারপর থেকে আর বড় মেজ সেজ কোনও সারিরর নেতার দেখা মেলেনি কালীঘাটে। এমনকি দক্ষিণ কলকাতায় মালা রায় ও ডায়মন্ড হারবার লোকসভায় ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এক লাখেরও বেশি ভোটে এগিয়ে থাকার সংবাদ এলেও উচ্ছ্বাস দেখা যায়নি কালীঘাটের তৃণমূল কর্মী মহলে। কিন্তু কেন এমন হল? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে পটুয়া পাড়ার মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাসাদোপম বাড়ির নিচের পার্টি অফিসে।
৪২-৪২ আসনে জিততে হবে এই লক্ষ্য নিয়ে ভোট যুদ্ধ শুরু করা তৃণমূল কর্মীরা দেশের নেতৃত্বে মোদি দেখে কিছুটা মুষড়েই পড়েছেন। এরই মধ্যে সংবাদমাধ্যমের কাছে খবর আসে উড়িষ্যায় নবীন পট্টনায়ক ও অন্ধ্রে জগন মোহন রেডডিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে তৃণমূল নেতৃত্ব। দুই রাজ্যে বিজেপি কিছু করতে পারেনি। বড় আঞ্চলিক দল হিসেবে প্রভাব ফেলেছে বিজেডি ও ওয়াই এস আর কংগ্রেস। বাংলার প্রতিটি জনসভায় বিজেপিকে রুখে দেওয়ার হুঙ্কার ছেড়েছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু এদিন দুপুর পর্যন্ত কালীঘাটে সেই হুংকার শোনা যায়নি। তবে কি ২০২১-এর ললাটলিখন পড়ে ফেলেছেন তৃণমূল সুপ্রিমো?
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news