চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
তৃণমূল (TMC) পরিচালিত পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য দপ্তরের স্থায়ী সমিতির এক সদস্যার যৌন হেনস্তা করার অভিযোগ উঠল খাদ্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। ওই মহিলা পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় অভিযোগ দায়ের করেছেন। দলীয় নেতৃত্বের মধ্যেই এহেন অভিযোগ ওঠায় তীব্র অস্বস্তি তৈরি হয়েছে দলের অন্দরেই। ঘটনায় প্রকাশ, নির্যাতিতার পারিবারিক কিছু সমস্যা চলছিল। তাঁর দাবি, সেই কারণেই বারবার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অমূল্য মাইতির কাছে যান। সেই সুযোগেই তাঁর শ্লীলতাহানি করেন ওই গুণধর নেতা। প্রথমে ঘটনার কথা দলীয় নেতৃত্বের কাছে জানান তিনি। তবে সেখানে কোনও সুরাহা না হওয়ায় শেষমেষ পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন।
দলীয় নেত্রীর পাশে দাঁড়ানোর বদলে তাঁকে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য চাপ দিতে থাকে দলীয় জেলা নেতৃত্ব। এক প্রকার বাধ্য হয়েই ডেবরা থানা এবং মেদিনীপুর আদালতের দ্বারস্থ হন নির্যাতিতা। মহিলার অভিযোগের ভিত্তিতে জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অমূল্য মাইতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ বি ধারায় মামলা রুজু করা হয়েছে। ডেবরার এসডিপিও (SDPO Debra) সমীর অধিকারীকে ঘটনার তদন্তভারও দেওয়া হয়েছে। রাজনৈতিক চক্রান্ত করে তাঁর নাম জড়ানো হচ্ছে বলেই দাবি অভিযুক্ত খাদ্য কর্মাধ্যক্ষ অমূল্য মাইতির। এই ঘটনার তীব্র নিন্দা করে তদন্তের দাবি জানিয়েছেন জেলা বিজেপি নেতৃত্ব। মুখে কুলুপ এঁটেছে জেলা তৃণমূল নেতৃত্ব। কিন্তু দলের অস্বস্তি গোপন করতে পারছেন না তারাও। গত লোকসভা ভোটের পশ্চিম মেদিনীপুরে ভরাডুবির পর প্রশান্ত কিশোরের রণকৌশলকে ধরে সাংগঠনিক মেরামতির কাজ শুরু হয়েছিল। প্রক্রিয়া ধাক্কা খেয়েছে বলেই মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news