চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লোকালয় বাঘ ঢুকে পড়ায় ব্যাপক আতঙ্ক ছড়াল কুলতলীর গ্রামে। সোমবার সন্ধে বেলায় সুন্দরবনের (Sunderban) মৈপীট কোস্টাল থানার ৬ নম্বর বৈকন্ঠপুর গ্রামে নদী সাঁতরে ঢুকে পড়ে দক্ষিণরায়। এক গ্রামবাসীর গোয়ালঘরে হানা দিয়ে একটি গোরু শিকার করে রয়েল রয়াল বেঙ্গল টাইগার। কিন্তু তারপরও এলাকা ছেড়ে যেতে রাজি নয় এই ডোরাকাটা প্রাণী। নদীর ধারে গ্রামের ইটের রাস্তার উপরেই রাজকীয় ভাবে বসে বিশ্রাম নিচ্ছে সে। আর এর জেরে ভয়ে সিঁটিয়ে গিয়েছেন সাধারণ মানুষ।
সন্ধে বেলায় আচমকাই নদী সাঁতরে চলে আসে একটি বাঘ। ভীম নায়েক নামে ওই গ্রামবাসীর গোয়ালে ঢুকে পড়ে নির্বিচারে একটি গোরুকে মেরে ফেলে। এই খবর চাউর হতেই শোরগোল পড়ে যায়। খবর দেওয়া হয় পুলিস ও বনদপ্তরকে। এলাকায় পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করা হয়েছে। কীভাবে বাঘটিকে খাঁচা বন্দি করা যায় তা নিয়ে চলছে নানা রকম পরিকল্পনা। রাতের অন্ধকার হওয়ায় সমস্যা হলেও রাত্রেই জাল দিয়ে ঘিরে দেওয়া হয় গ্রামের পাশের জঙ্গলটি। এদিকে গ্রামবাসীরা লাঠিসোটা নিয়ে রাস্তায় পাহারা নেমেছেন।
কয়েকদিন আগেই কুলতলির হালদার ঘেড়িতে বাঘের পায়ের ছাপ দেখা যায়। যা নিয়ে আগে থেকেই আতঙ্কিত ছিলেন সাধারণ মানুষ। এদিন তার পাশের পাড়াতে রয়াল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger) দেখা যাওয়ায় ভয়ে কাবু হয়ে গিয়েছেন অনেকেই। ডিএফও মিলন মন্ডল জানিয়েছেন, গ্রামবাসীদের সুরক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। প্রাণীটিকে খাঁচাবন্দি করতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news